ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ৪৪৭ কোটি রুপি পাওনা আছে বলে দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই অর্থ চেয়ে ভারতের কাছে ৩মে চিঠি পাঠিয়েছে পিসিবি। তারা বলছে, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই দলের ছয়টি সিরিজ খেলার কথা। বেশ কয়েকটি ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। পরেরগুলোও হওয়ার সম্ভাবনা নেই।
পাকিস্তানের দাবি, ২০১৪ থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত যে কয়টি ম্যাচ হওয়ার কথা ছিল তা না হওয়ায় তাদের ক্ষতি হয়েছে ৬৯,৫৭৬,৪০৫ ডলার।
ভারত এখনও পিসিবির চিঠির উত্তর দেয়নি। সাতদিনের মধ্যে উত্তর দেওয়ার কথা।
পাকিস্তান শুধু খেলা না হওয়ায় এই পরিমাণ অর্থ দাবি করছে না। তারা বলছে দুই দেশের বোর্ডের মধ্যে সমঝোতা স্মারক অনুযায়ী তাদের এই অর্থ পাওনা।
ভারত যখন ‘বিগ-থ্রি’ আর্থিক কাঠামো আইসিসিতে পেশ করে, তখন ওই সমঝোতা স্মারকের ব্যাপারে কথা হয়। পাকিস্তান ভারতকে সেই সময়ে সমর্থন করেছিল। তার বিনিময়ে পাকিস্তানকে অর্থ দেয়ার কথা ছিল।







