ভারতের শীর্ষ মোবাইল লেনদেন কোম্পানি পেটিএমে বিনিয়োগ করতে যাচ্ছেন সাবেক শীর্ষ ধনী ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। আর এটি ভারতে বাফেটের প্রখ্যাত বিনিয়োগকারী সংস্থা বার্কশায়ার হ্যাথওয়ের প্রথম বিনিয়োগ।
বার্কশায়ার হ্যাথওয়ে পেটিএমের ৩৬০ মিলিয়ন ডলার বা ২ হাজার ৫০০ কোটি রুপির স্টেক অধিগ্রহণ করবে।
২৮ আগস্ট, মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সিএনএনের খবরে এই তথ্য জানানো হয়। তবে এই খবর ভারতীয় সংবাদমাধ্যম মিন্টে প্রথম প্রকাশিত হয়।
বেশ কয়েকমাস ধরেই প্রতিষ্ঠান দুটি এ নিয়ে আলোচনা করেছে। সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে এই চুক্তির ঘোষণা আসতে পারে।
তবে এ নিয়ে পেটিএম বা বার্কশায়ার হ্যাথওয়ে কেউই কোনো মন্তব্য করেনি।
ভারতীয়রা এখনো নগদ অর্থে ব্যবসা ও লেনদেনে আগ্রহী। দেশটিতে এখনো রুপি এবং কয়েনের মাধ্যমে প্রায় সব লেনদেন সম্পন্ন হয়। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮৬ শতাংশ নগদ অর্থে লেনদেন নিষিদ্ধ করেন। আর এর ফলে পেটিএমের মতো অনলাইন ওয়ালেটের উত্থান। বর্তমানে পেটিএমে ৩০০ মিলিয়নের বেশি ব্যবহারকারি রয়েছে।
গত বছর স্থানীয় এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে ওয়ারেন বাফেট জানিয়েছিলেন, ভারত ব্যবসার জন্য অবিশ্বাস্য সম্ভাবনাময় এক দেশ। তিনি আরও বলেছিলেন, ‘আপনি যদি আমাকে বলেন ভারতের কোনো চমৎকার কোম্পানি এখন বিক্রি হবে, তাহলে আমি আগামীকালই সেখানে থাকবো।’










