বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে বেগম খালেদা জিয়া মিথ্যাচার করেছেন। খালেদা জিয়া একজন পরাজিত সৈনিক। ভারত বিরোধিতা করবেন না এমন অঙ্গীকার নিয়েই খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করেছেন।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভারতের গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে খালেদা জিয়া অহেতুক মিথ্যা কথা বলেছেন। বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, জাসদ নেতা হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেননের কাতারে সামিল হয়ে দলীয় প্রধান হিসেবেই তিনি নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করেছেন।
সাক্ষাতকারে খালেদা জিয়া বলেছেন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যখন বাংলাদেশ সফরে এসেছিলেন তখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।
এ বিষয়ে তোফায়েল আহমেদ বলেন: সত্যটি হলো ওই দিন জামায়াতের হরতাল ছিলো সারাদেশে। জামায়াতের হরতাল যেনো কোনোভাবে পণ্ড না হয় সেজন্য তিনি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত করেননি।
সাক্ষাতকারে খালেদা জিয়া ‘আজব’ কথা বলেছেন উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, বেগম জিয়ার অসত্য কথার মাধ্যমে বোঝা গেছে তার পায়ের নিচে মাটি নেই। তিনি একজন পরাজিত সৈনিক।







