ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও জাগমোহন ডালমিয়া ৭৫ বছর বয়সে রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেছেন। বৃহস্পতিবার হার্ট অ্যাটাকের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আইসিসি’র সাবেক এই সভাপতি।
চলতি বছরের মার্চে সভাপতি পদে তৃতীয়বারের মতো দায়িত্ব গ্রহণের সময় থেকেই স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন ডালমিয়া।
বিসিসিআই এর পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে হার্ট অ্যাটাক করার পর ডালমিয়াকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে এনজিওগ্রাম করার পর আইসিইউতে রাখা হয়েছিলো।
বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অনিল মিশ্র ডালমিয়ার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে উল্লেখ করে বলেছিলেন, ডালমিয়ার বাঁ-দিকের ধমনীতে একাধিক ক্লট অর্থাৎ রক্ত জমাট বেঁধেছিল। সেগুলো সরানো হয়েছে। তাকে অন্তত তিন থেকে চার দিন পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানিয়েছিলেন অনিল। এর মধ্যেই রোববার পরলোক গমন করলেন বাংলাদেশের ক্রিকেটের এই অকৃত্রিম বন্ধু।
ডালমিয়ার অসুস্থতার খবর পেয়ে দ্রুত হাসপাতালে গিয়েছিলেন ভারতের ক্রিকেট কিংবদন্তী সৌরভ গাঙ্গুলি, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমসহ আরও অনেকে।







