ভারতকে হারিয়েই ‘ফাইনাল’ মহড়া সারবে বাংলাদেশ

বছরের সেরা উপহারটা দিয়েছে লাল-সবুজ বাঘিনীরাই
টুর্নামেন্ট শুরুর আগেই সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য দুই ফাইনালিস্ট হিসেবে উঠে এসেছিল বাংলাদেশ এবং ভারতের নাম। নেপাল ও ভুটানকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল লাল-সবুজের কিশোরীরা। অপেক্ষা ছিল ভারতের আরেকটি জয়ের। নেপালকে ১০-০ গোলে উড়িয়ে শিরোপার মঞ্চে বাংলাদেশের সঙ্গী হয়েছে সেই ভারতই।
২৪ ডিসেম্বর চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা নির্ধারণী লড়াই। তার আগে বৃহস্পতিবার লিগ পর্বের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে দুই প্রতিবেশী। ফাইনালের আগের সেই ম্যাচকে পোশাকি মহড়াও বলা যায়। থাকবে পরীক্ষা-নিরীক্ষার সুযোগও। যাতে জিতে অপরাজিত থেকে ফাইনালে নামার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগটাও নিতে চায় স্বাগতিকরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচকে তাই কেবল পোশাকি মহড়া মানতে নারাজ গোলাম রব্বানী ছোটন। প্রতিবেশী দেশটির বিপক্ষে প্রতিটি ম্যাচই বিশেষ গুরুত্ব বহন করে বলে মত স্বাগতিক কোচের, ‘সাফ বলেন কিংবা এএফসি। ফাইনাল কিংবা গ্রুপ ম্যাচ। ভারতের বিপক্ষে প্রতিটি জয়ই আমাদের কাছে বিশেষ কিছু। আমরা পূর্ণ শক্তি নিয়েই ভারতের বিপক্ষে নামব।’
মঙ্গলবার ভারত-নেপাল ম্যাচের আগে ডিফেন্ডার আঁখি খাতুনের জোড়া গোলে ভুটানকে ৩-০ ব্যবধানে হারায় স্বাগতিক কিশোরীরা। ভুটানের আঁটসাঁট রক্ষণ ভেঙে ম্যাচে জিততে ঘাম ঝরাতে হয়েছে। প্রতিপক্ষের এমন রক্ষণাত্মক কৌশল নেতিবাচক ছিল বলে মনে করেন বাংলাদেশ কোচ।
‘ভুটানের খেলাকে আমি মোটেও স্বাভাবিক বলব না। আমার মতে খেলাটা ছিল নেতিবাচক। তাজিকিস্তানে আমরা এই দলের বিপক্ষে ১৬-০ গোলে জিতেছি। তখন অন্তত তারা ভাল খেলেছে। একটা দলের ১১ জন খেলোয়াড়ই যদি ডিফেন্ডারের কাজ করে, তাতে কীভাবে খেলা বের করা যায়? তারপরও আমরা সেরাটাই দিয়েছি। মেয়েরা তাদের সেরাটা দিয়েছে। বলব, খেলা ভাল হয়েছে।’
জোড়া গোলে দলকে জেতানো আঁখি খাতুনের অকুণ্ঠ প্রশংসাও করলেন কোচ। এক পর্যায়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। সেটা না পাওয়ায় অবশ্য আক্ষেপ নেই আঁখির। আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মত জোড়া গোল করতে পেরেই খুশি লাল-সবুজের ডিফেন্ডার, ‘হ্যাটট্রিক নিয়ে একটুও কষ্ট নেই। আমার গোলে দল জিতেছে তাতেই খুশি।’



