দুই দেশের বৈরিতা এমন পর্যায় যে খেলার মাঠেও মুখোমুখি হতে চায় না কেউ কারো। জম্মু-কাশ্মীর ইস্যু, আর কয়েকটি জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট সফর বন্ধ আছে বেশ কিছুদিন ধরেই। তবে চলতি বছরের শেষে দুবাইয়ে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলার সম্ভাবনার কথা জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম। ঠিক সেই সময়ে পাকিস্তানের রঙিন পোশাকের অধিনায়ক সরফরাজ আহমেদ বললেন, ‘ওরা ভীতু। হারার ভয়েই খেলতে চায় না।’
ভারত না চাইলেও পাকিস্তান চেষ্টা করে যাচ্ছে যে করেই হোক একটি সিরিজ আয়োজন করতে। কিন্তু রাজনৈতিক কারণ দেখিয়ে ভারত সেই প্রস্তাবে বারবার অসম্মতি জানিয়ে আসছে। আর এই নিয়ে প্রতিবেশীদের ওপর খেপেছেন সরফরাজ। ‘মনে হয় ভারত আমাদের সঙ্গে খেলতে ভয় পায়। যে কারণে ওরা খেলতে চায় না।’
তবে ভারতের বিপক্ষে খেলাটা যে উপভোগ করেন জানিয়ে দিলেন সে কথাও, ‘ওদের সঙ্গে খেলতে পারাটা সব সময়ই আনন্দের।’







