ভারতকে নাটকীয়ভাবে হারিয়ে সিরিজ সমতায় নিউজিল্যান্ড

ভারতকে নাটকীয়ভাবে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে সমতা এনেছে নিউজিল্যান্ড। দিল্লীর ফিরোজ শাহ কোটলা মাঠে দ্বিতীয় একদিনের ম্যাচে স্বাগতিক ভারতকে ৬ রানে হারিয়েছে কিউইরা।
বৃহস্পতিবার দিবা রাত্রির ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪২ রান করে। জবাবে ভারত ৪৯.৩ ওভারে ২৩৬ রানে অলআউট হয়ে যায়।
২৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিউই পেসারদের তাণ্ডবে মাত্র ৭৩ রানেই চার উইকেট হারায় ভারত। ভারতের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি মাত্র ৯ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক ধোনি ও কেদার যাদব ৬৬ রান যোগ করেন।

মহেন্দ্র সিং ধোনি (৩৯) ও কেদার যাদব ( ৪১) রানে সাজঘরে ফিরলে টিম ইন্ডিয়ার জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে যায়। তবে নবম উইকেট জুটিতে ৪৯ রান করে ভারতের আশা জাগিয়ে রেখেছিলেন হার্দিক পাণ্ডে ও উমেশ যাদব। হার্দিক ৩২ বলে ৩৬ রান করে বিদায় নিলে শেষ হয়ে যায় ভারতের জয়ের আশা।
কিউইদের পক্ষে টিম সাউদি নেন ৫২ রানে ৩ উইকেট নেন, আর দুটি করে উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট ও মার্টিন গাপটিল। ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের সেঞ্চুরিয়ান ক্যাপ্টেন কেন উইলিয়ামসন।
এর আগে কেন উইলিয়ামসনের ১২৮ বলে করা ১১৮ রানের ইনিংসে আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪২ রান করে নিউজিল্যান্ড। ওপেনার রড ল্যাথাম ও উইলিয়মস তৃতীয় উইকেট জুটিতে ১১৯ রান করে দলকে এগিয়ে দেন বড় সংগ্রহের দিকে। ৪৬ বলে ৪৬ রান করে সাজ ঘরে ফেরেন ল্যাথাম।

ভারতের হয়ে যশপ্রিত বুমরা ও অমিত মিশ্র দুজনেই তুলে নেন ৩টি করে উইকেট।
এর আগে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ধর্মশালায় ভারত ৬ উইকেটে নিউজিল্যান্ডকে পরাজিত করে।
২৩ অক্টোবর মোহালিতে সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।






