সিলেট স্ট্রাইকার্স, চাউ-ম্যান রেষ্টুরেন্ট এবং জেসিআই ঢাকা প্রিমিয়ারের উদ্যোগে বনানীতে যাত্রা শুরু করেছে সুবিধাবঞ্চিত মানুষদের খাবার খাওয়ানো প্রকল্প ‘ভাগ করে খাই’। রেষ্টুরেন্টে বসে যতজন কাস্টমার খাবার খাবেন, ঠিক তত সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষকে পর দিন খাওয়ানো হবে বিনামূল্যে।
সিলেট স্ট্রাইকার্সের মালিকপক্ষ, ব্যবস্থাপনা কমিটি এবং খেলোয়াড়রা মিলে শুক্রবার রাতে মহতী উদ্যোগের উদ্বোধন করেন।
‘ভাগ করে খাই’ প্রকল্পের মাধ্যমে সারা বছর অসংখ্য অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের খাবার খাওয়ানো সম্ভব হবে যা সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন করবে বলে বিশ্বাস করেন এর উদ্যোক্তারা।
জাতীয় দল ও সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত সুবিধাবঞ্চিত শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার মাধ্যমে ব্যতিক্রমী প্রকল্পের উদ্বোধন করেন।








