ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। আগুয়েরো-সিলভা-স্টার্লিংয়ের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে রোববার বড় জয় পেয়েছে তারা। ঘরের মাঠে সাউদাম্পটনকে ৬-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। ফলে অল্প সময়ের ব্যবধানেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে লিভারপুল সরিয়ে নিজেদের তুলে দিয়েছে সিটিজেনরা।
ঘরের মাঠ ইতিহাদে ম্যাচের ৬ মিনিটের সময়ই লিড পায় ম্যানসিটি। তবে আগুয়েরো-সিলভা নন, নিজেদের জালে বল জড়িয়ে দেন অতিথি দলের নেদারল্যান্ডস ডিফেন্ডার ওয়েসলি হোয়েট।
দ্বিতীয়বার লিড নিতেও দেরি করেনি স্বাগতিকরা। এবার সিটিকে এগিয়ে দেন সার্জিও আগুয়েরো। হিসাব মেনেই যেন, আবার ঠিক ছয় মিনিটের মাথায় স্কোরলাইন ৩-০ করে সিটি। এই দফায় দলকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা।
অধিকাংশ সময় চাপে থাকা সাউদাম্পটন গোলের দেখা পায় ৩০ মিনিটের মাথায়। দলের হয়ে একটি গোল শোধ করেন ইংলিশ স্ট্রাইকার ড্যানি ইংস। তবে প্রথমার্ধেই গোলের হালি পূর্ণ করে সিটি। দলের হয়ে চতুর্থ গোল করেন রাহিম স্টার্লিং (৪৫+২)। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটের মাথায় আরও একটি গোল করেন ইংলিশ এই তারকা। নির্ধারিত সময়ের পর যোগ হওয়া সময়ে গোল করে স্কোরলাইন ৬-১ করেন জার্মান তারকা লেরয় সানে।
এই জয়ে ১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে সবার উপরে ম্যানসিটি। সমানসংখ্যক ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে লিভারপুল।








