বড় দিনের খুব বেশি দেরি নেই। চারদিকে চলছে প্রস্তুতি। এবারের বড় দিনে সংগীত মহলে কে বেশি এগিয়ে থাকবে, সেই সমাধান এখনো না মিললেও খানিকটা হলেও এগিয়ে আছেন ব্রিটিশ গায়ক এড শিরান।
মূলত ইংলিশ অ্যালবামের বিক্রির বড় একটা মৌসুম হল ক্রিসমাস। ক্রিসমাসকে সামনে রেখেই তাই চলে অনেক গানের মুক্তি। এই সময়ে অফিসিয়াল চার্ট কোম্পানি সবচেয়ে বেশি বিক্রি হওয়া গানের শিল্পীকে সেরা হিসেবে ঘোষণা করে। এবছর সে ফল ঘোষণা হবে ২২ ডিসেম্বর।এড শিরান এর রিলেশনশিপ নিয়ে ‘রিভার’ গানটি মন জুড়িয়েছে অনেকের। খুব দ্রুতই এগিয়ে চলছে তার গানের বেচা-বিক্রি। তাই অনেকেই ধারণা করছেন সেরা শিল্পীর দৌড়ে এবার এগিয়ে থাকবেন এড শিরান।
তবে এ বছর তালিকায় খানিকটা পিছিয়ে আছেন গ্র্যামি জয়ী তারকা অ্যাডেল। এখনো ক্রিসমাস উপলক্ষে তার কোন গান বাজারে আসেনি। গুজব চলছে, একেবারে শেষ মুহূর্তে এসে গান ‘রিলিজ’ করতে পারেন তিনি। গত বছর ক্রিসমাসের লাখো ভক্তদের কাঁদিয়ে চলে গিয়েছিলেন আরেক তারকা জর্জ মাইকেল। চার্ট কোম্পানির মাথাতে সে ভাবনাও আছে। তাই বিজয়ী ঘোষণার অনুষ্ঠানে তাকেও স্মরণ করবে তারা। তবে শেষমেশ চার্ট কাকে বিজয়ী ঘোষণা করে সেটাই দেখার বিষয়। ঘোষণার সময়ও ঘনিয়ে আসছে দ্রুত। ই ! অনলাইন








