ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বুধবার বিকেলে জেলার নাসিরনগর ও বিজয়নগর উপজেলায় এই দুটি দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নাসিরনগর উপজেলার ধানকুড়া গ্রামে ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী আলী শাহ (৬৩) ও করিম শাহ (৫৫) নিহত হন। নিহত আলী শাহ নাসির নগর সদর উপজেলার সমুজ শাহর ছেলে এবং করিম শাহ একই গ্রামের মোঃ আলীর ছেলে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ সরকার বলেন, ‘ধানকুড়া গ্রাম থেকে একটি ট্রাক্টর বিশ্ব রোডের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সাথে সংঘর্ষের ঘটনায় তারা দুজন নিহত হয়। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন।
এছাড়াও বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা জগৎপুর এলাকায় সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় আব্দুল হেকিম (৯৫) নামের এক বৃদ্ধ নিহত হয়। সে চান্দুরা ইউপির জালালপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।








