কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে নামার আগে সুসংবাদ পেয়েছে ব্রাজিল। ইনজুরি আক্রান্ত তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্সেলো, কস্তা ও দানিলো ‘চোটমুক্ত’ হয়ে অনুশীলনে ফিরেছেন। সেলেসাওদের আত্মবিশ্বাসের পারদ চড়িয়ে দিচ্ছে এমন খবর।
মার্সেলো, কস্তা ও দানিলো মঙ্গলবার পুরো সময়ই দলের অনুশীলন সেশনে কাটিয়েছেন। পাসিং, ড্রিলিং, ক্রস আর গোলবারে শটও নিয়েছেন কোনো অস্বস্তি ছাড়াই।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় বেলজিয়ামের বিপক্ষে নামবে ব্রাজিল। তার আগে নিজেদের ঝালিয়ে নেয়ায় সবটুকু ঢেলে দিচ্ছেন কস্তা-মার্সেলো-দানিলোরা। দুর্দান্ত সময় কাটছে ব্রাজিলের। দলের অনুশীলনে ফুরফুরে মেজাজে দেখা মিলেছে নেইমার-কৌতিনহোদেরও।
সার্বিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৪ মিনিটের সময় ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন মার্সেলো। নকআউটে মেক্সিকোকে হারানোর ম্যাচে খেলতে পারেননি। ওই ম্যাচের আগে ফিট থাকার কথা বলা হলেও পরে জানা যায় ঝুঁকি এড়াতেই মার্সেলোকে খেলানো হয়নি। ফিলিপে লুইস নিয়েছিলেন একাদশে মার্সেলোর জায়গা। তবে বেলজিয়ামের বিপক্ষে তার পূর্ণফিট হয়েই মাঠে ফেরার আশায় ব্রাজিল।

কস্তার অনুশীলনে ফেরার ব্যাপারটি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন তাদের টুইটার একাউন্টে নিশ্চিত করেছে। লিখেছে, ‘সুখবর! ডগলাস কস্তা দলের সাথে অনুশীলনে ফিরেছে। সে আজ সব কার্যক্রমে অংশ নিয়েছে।’
গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে বদলি হিসেবে খেলেছিলেন কস্তা। দ্বিতীয়ার্ধে নেমেই পড়েছিলেন হ্যামস্ট্রিংয়ের চোটে। যে কারণে সার্বিয়ার বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারেননি। ছিলেন না মেক্সিকোর বিপক্ষেও। তার জায়গায় সার্বিয়া ও মেক্সিকোর বিপক্ষে উইলিয়ানকে খেলান কোচ টিটে।
তিনজনের ব্যাপারে সুখবর মিললেও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কিছুটা অস্বস্তিতে ফেলেছে মিডফিল্ডার কাসেমিরোর অবস্থা। হলুদ কার্ডের জটিলতায় বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গুরুত্বপূর্ণ এ সদস্যকে পাবে না সেলেসাওরা। তার জায়গায় খেলার সম্ভাবনা রয়েছে ফার্নান্দিনহোর।







