ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা মারা গেছেন

সিগমা হুদা, ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী, বাংলাদেশি নারী, জীবনের শেষ পর্যায়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে সিগমা হুদার মৃত্যুর বিষয়টি ক্ষুদে বার্তায় বুধবার রাতে জানানো হয়েছে।
৭৯ বছর বয়সী সিগমা হুদা কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সুপ্রিম কোর্টের আইনজীবী সিগমা হুদা ছিলেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার চেয়ারপার্সন। তিনি বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং আইন ও উন্নয়ন ইনস্টিটিউটের (আইএলডি) প্রতিষ্ঠাতা সহাসচিব ছিলেন।
সিগমা হুদা’র স্বামী নাজমুল হুদা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য। খালেদা জিয়ার সরকারে ১৯৯১ সালে তথ্য ও ২০০১ সালে যোগাযোগমন্ত্রী ছিলেন তিনি।
২০১২ সালে বিএনপি ছেড়ে জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) এবং পরে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে তিনটি দল গড়ার চেষ্টা করেন নাজমুল হুদা। একপর্যায়ে ২০১৫ সালে তৃনমূল বিএনপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। ২০২৩ সালে ১৯ ফেব্রুয়ারি নাজমুল হুদা মারা যান।
হুদা দম্পতির দুই মেয়ে অন্তরা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদা। অন্তরা হুদা বর্তমানে তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারম্যান।






