আইপিএলের ফাইনালে কোহলি-গেইল-ডিভিলিয়ার্স-রাহুল-ওয়াটসনকে নিয়ে গড়া
ব্যাঙ্গালুরুর শক্তিশালী ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে কাটার মাস্টার
মুস্তাফিজই হায়দরাবাদের মূল ভরসা বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ
গাঙ্গুলী।
ফাইনালের আগে ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন: ফাইনালে যে কেউই জিততে পারে। তবে ব্যাঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ খুবই ভয়ঙ্কর। আমি মনে করি, ফাইনালে হায়দরাবাদের মুস্তাফিজুরকে খুব দরকার। সেই তাদের মূল অস্ত্র।
চোট কাটিয়ে ফাইনালে মুস্তাফিজ খেলবেন বলেই আশা গাঙ্গুলীর, ‘তার ইনজুরির কী অবস্থা, সেটা আমি জানি না। তবে ওর খুব খারাপ কিছু হয়েছে বলে মনে হচ্ছে না। আশা করি, হায়দরাবাদ তাকে দলে পাবে।’
শুক্রবার গুজরাটের বিপক্ষে চোটের কারণে মুস্তাফিজ দলে ছিলেন না। সেজন্যই বোলিংয়ে দলকে একটু ভুগতেও হয়েছে।
হায়দরাবাদের হয়ে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী ভুবনেশ্বর কুমার বলেছেন, ‘ফিজকে হারানোটা আমাদের জন্য ভালো কোনো বিষয় ছিল না। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে মুস্তাফিজকে হারানো আমাদের জন্য খুব সহজ বিষয় ছিল না। তাকে ছাড়া খেলা খুব কঠিন।’










