আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন: বিএনপির আন্দোলন করার মুরোদ নেই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন প্রেসকাব-নয়াপল্টনে আটকে আছেন। খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে না পারা বিএনপির ব্যর্থ নেতাদের স্ব স্ব পদ থেকে পদত্যাগ করা উচিত।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসকাব মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গণতন্ত্রী পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন: প্রেসক্লাব-নয়াপল্টনে আটকে না থেকে সংসদে এসে কথা বলুন। এতে তারা ফল পেলেও পেতে পারেন। নইলে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার।
রাজধানীর বনানীর বহুতল ভবন এফ আর টাওয়ারে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে মোহাম্মদ নাসিম বলেন: এই ঘটনায় সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি ও দোয়া করি সবাই ভালভাবে ভবন থেকে বের হয়ে আসতে পারবেন।
তিনি বলেন, কিভাবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার।
মোহাম্মদ নাসিম বলেন: স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিভক্ত ও বিভ্রান্ত ছিল। এ বিভক্তির কারণেই স্বাধীনতাবিরোধী শক্তি বঙ্গবন্ধুকে হত্যার সাহস পেয়েছিল। কয়েক যুগ পর স্বাধীনতার সপক্ষের শক্তি এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অতীতের যে কোন সময়ের চেয়ে ঐক্যবদ্ধ। কাঙ্খিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ১৪ দল শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে। বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও স্বাধীনতা প্রশ্নে কোন আপোষ নেই। এই তিন প্রশ্নে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ।
যোগ করেন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাকশাল নাকি অশনি সংকেত। কিন্তু জিয়াউর রহমানের মার্শাল ল’কী ভাল ছিল? বাকশাল অনেক আগেই করা উচিত ছিল। তাহলে এর সুফল পেতাম।








