বোনকে হারিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদী। অসুস্থতাজনিত কারণে করাচির একটি বেসরকারি হাসপাতালে সাবেক অলরাউন্ডারের বোন মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। সামাজিক যোগামাধ্যমে পোস্ট করে বোনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন আফ্রিদী।
অসুস্থ বোনের পাশে থাকার জন্য সোমবার দেশে ফিরেছিলেন সাবেক পাকিস্তান কিংবদন্তি। মঙ্গলবার বোনের মৃত্যুর সংবাদ দিয়ে টুইটারে আফ্রিদী লিখেছেন, ‘খুব দুঃখ নিয়ে জানাচ্ছি, আমাদের আদরের বোন আর নেই। তার জানাজা আজ বাদ জোহর জাকারিয়া মসজিদে অনুষ্ঠিত হবে।’
সোমবার বোনের অসুস্থতার খবর জানিয়েও টুইটারে একটি পোস্ট করেছিলেন ৪৬ বছর বয়সী আফ্রিদি। লিখেছেন, ‘আমি ফিরে আসছি তোমাকে দেখার জন্য। শক্ত থাকো। আমার বোন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার সুস্বাস্থ্যের জন্য আপনাদের দোয়া আমার কাছে অনেক কিছু। সৃষ্টিকর্তা তাকে দ্রুত সুস্থ করে তুলুন।’
আফ্রিদীরা ছয় ভাই ও পাঁচ বোন। মোট ১১ ভাই-বোনের মধ্যে শহীদ আফ্রিদী পঞ্চম। তার দুই ভাই তারিক আফ্রিদী ও আশফাক আফ্রিদীও ক্রিকেট খেলেছেন।







