ইউরো ফুটবল চ্যাম্পিয়নশীপে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি ওয়েলস। ফরাসী শহর লিলি’তে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।
ফিফা র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামের সামর্থ্য প্রমানের ম্যাচ এটি। লুকাকু, হ্যাজার্ড, ডি-ব্রুইনের মতো প্রতিভাবান সোনালি প্রজন্মের সামনে দেশকে গুরুত্বপূর্ণ ট্রফি জয়ের দৌঁড়ে টিকিয়ে রাখার সুযোগ সামনে। আর গত ৫০ বছরের মধ্যেই ওয়েলসের ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।
ইতালির কাছে প্রথম ম্যাচের হারের পর টানা তিন জয় এবং এই তিন ম্যাচে আট গোল করে দারুণ ছন্দে বেলজিয়াম। দুই দলের পারস্পরিক মোকাবেলায় জয়ের পরিসংখ্যানে ৫-৪ এগিয়ে থাকা বেলজিয়াম ফেভারিট হিসাবেই মাঠে নামবে।
অন্যদিকে গ্যারেথ বেলে’র দুরন্ত ফর্ম ওয়েলস’কে স্বপ্ন দেখাচ্ছে। ইনজুরির শংকা কাটিয়ে শেষ পর্যন্ত মাঠে নামছেন অধিনায়ক অ্যাশলে উইলিয়ামস। ওয়েলসের সামনে এটাই প্রথম বড় কোনো টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার সুযোগ। সেই হিসাবে গত ৫০ বছরের মধ্যেই ওয়েলসের ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এটি।







