কদিন ধরে ইউরোপিয়ান ফুটবলে আলোচনার শীর্ষে উসমানে ডেম্বেলে। ফরাসি বিশ্বকাপজয়ীর বার্সেলোনায় থাকা বা না থাকা নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, নিউক্যাসল হয়ে টটেনহ্যামও টানতে চাচ্ছে তাকে। সমস্যা হল, ডেম্বেলের হাঁকানো বিশাল অঙ্কের বেতন।
চলতি মৌসুমের জুনে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডেম্বেলের। এদিকে জানুয়ারির দলবদলের শেষদিনে এসে প্রশ্ন, ফরাসি স্ট্রাইকার বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করবেন নাকি ক্লাব ছাড়বেন। উত্তরের জন্যও অপেক্ষা, তাকিয়ে থাকতে হচ্ছে ডেম্বেলের দিকে, তিনি বেতন কমাবেন নাকি চাওয়া মতো ক্লাব খুঁজবেন।
বর্তমান ক্লাব বার্সার কাছে পারিশ্রমিক হিসেবে মৌসুমপ্রতি চার কোটি ইউরো চাচ্ছেন ডেম্বেলে। এরসঙ্গে চুক্তি নবায়নে চাই দুই কোটি ইউরো বোনাস। এমন অপ্রত্যাশিত পারিশ্রমিক নাকোচ করে দিয়েছে বার্সা। শুধু নাকোচই নয়, উল্টো বেতন কমানোর প্রস্তাব দিয়েছে। যদি প্রস্তাবে রাজি না হন, সেক্ষেত্রে তাকে বিক্রি করতেও প্রস্তুত কাতালান ক্লাবটি।
ডেম্বেলেকে বিক্রি করে স্ট্রাইকার ঘাটতি পূরণ করতে চাচ্ছেন কোচ জাভি হার্নান্দেজ। সে লক্ষ্যে পিএসজির কাছে ডেম্বেলেকে বেচতে অনেকখানি এগিয়েছে বার্সা, এমন খবরও আসছে। ফরাসি ক্লাবটি নাকি চাচ্ছে, ছয় মাস পর গ্রীষ্মকালীন দলবদলে ডেম্বেলেকে দলে টানতে। বার্সাও দাম বাড়িয়ে ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ছাড়তে চাচ্ছে তাকে।
২৪ বর্ষী উইঙ্গারকে টানতে পিএসজি যদি ২০ মিলিয়ন ইউরো খসায়, গ্রীষ্মকালীন দলবদলে বার্সায় ছেড়ে যাওয়া মেসির সঙ্গে আবারও দেখা হবে ডেম্বেলের। ধুঁকতে থাকা বার্সাও নতুন ফরোয়ার্ড খুঁজতে পারবে। কাতালান ক্লাবটি অবামেয়াং, আলভারো মোরাতা এবং নিকোলাস তাগলিয়াফিকোর সঙ্গে আলোচনা এগিয়ে রেখেছে।
নেইমার বার্সা ছাড়ার পর শূন্যতা পূরণে ডেম্বেলেকে নিয়ে আসে বার্সেলোনা। ২০১৭ সালে ১৩৫.৫ মিলিয়ন পাউন্ডে ডর্টমুন্ড থেকে ন্যু ক্যাম্পে আসেন ফ্রেঞ্চম্যান। বিশাল অর্থের প্রতিদান বার্সাকে খুব কমই দিতে পেরেছেন তিনি। প্রতি মৌসুমেই চোটের কারণে লম্বা সময় থাকতে হয়েছে মাঠের বাইরে।
চলতি মৌসুমেও চিত্রটা বদলায়নি। এপর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে ডেম্বেলে খেলেছেন ১২৯ ম্যাচ। তার পায়ের বল জালের দেখা পেয়েছে মাত্র ৩১ বার।







