মাঠের বাইরে যেমন বেটিং (ক্রিকেট জুয়া) হচ্ছে, তেমনি মাঠেও হচ্ছে। মিরপুর স্টেডিয়ামের গ্যালারি থেকে গেল সপ্তাহে ১০ ভারতীয় জুয়াড়িসহ মোট ৭৭জনকে আটক করা হয়। দেশে বেটিং সংক্রান্ত কঠোর আইন না থাকায় তাদের গ্রেপ্তার না দেখিয়ে সঙ্গে সঙ্গে মাঠ থেকে বের করে দেয় বিসিবির এন্টি করাপশন ইউনিট ও সিকিউরিটি ইউনিট। বিপিএল উৎসবে ক্রিকেট জুয়ায় জড়িয়ে পড়ছে বাংলাদেশের যুব সমাজ। পাড়া-মহল্লায় হরদম চলছে বাজি। বিপিএলের বাজির আসর বসতে না দেওয়ায় গত সপ্তাহে বাড্ডায় খুন হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বেটিং বন্ধে নতুন আইন ও সচেতনতা বাড়ানো আহবান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাস অ্যাসোসিয়েশন (বিসিএসএ)।
শনিবার রাজধানীর বেসিসের সভাকক্ষে ‘ক্রিকেট বেটিংয়ের কালো ছায়ায় যুব সমাজ। বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মূলত জুয়া ও ক্রিকেটে জুয়ার কারণে যে যুবসমাজ ক্ষতিগ্রস্থ হবার হাত থেকে সচেতনতার লক্ষ্যে সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় নিয়ে এই আয়োজন। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংগঠনের কর্তাব্যক্তিরা উক্ত আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের মন্তব্য তুলে ধরেন।
ক্রিকেট বেটিং বা স্পোর্টস জুয়া প্রতিরোধে কার্যকর আইন প্রনয়ণ, অনলাইন বেটিং সাইট বন্ধে বিটিআরসিকে অনুরোধ জনানো এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের এই সংক্রান্ত সচেতনতায় এগিয়ে আসার আহবান জানানো হয়। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর ও কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, এভাবে ক্রিকেট জুয়ার প্রভাব বাড়তে থাকলে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যে সুন্দর ভাবমূর্তি আছে, তা নষ্ট হবে এবং ক্রিকেট তার সৌন্দর্য হারাবে। যুবসমাজ কে ক্রিকেট বেটিংয়ের এর কুপ্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে সকল কে যার যার জায়গা থেকে কাজ করার আহবান জানানো হয়।
গোলটেবিল আলোচনায় অংশ নেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন, দৈনিক প্রথম আলোর সিনিয়র স্পোর্টস রিপোর্টার পবিত্র কুন্ড, দৈনিক কালের কন্ঠের ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ, যমুনা টিভির সিনিয়ার রিপোর্টার তাহমিদ অমিত, রেডিও ভূমি’র স্টেশন চিফ শামস সুমন, জাগো এফএম এর কমেন্ট্রি কো-অর্ডিনেটর, এসএ আব্দুস শাকুর, ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমীর, বাংলাদেশ আইপি ফোরামের ব্যরিস্টার এবিএম হামিদুল মিসবাহ, বেসিস এর পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল, ইউনিভার্সিটি আইটি সোসাইটি প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল ইমরান এবং নাইন স্পোর্টস এন্ড মার্কেটিং-এর প্রতিষ্ঠাতা সিইও নাফিজ আহমেদ মোমেন।
সভায় স্বাগত বক্তব্য দেন বিসিএসএর সভাপতি জুনায়েদ পাইকার এবং সমাপনী বক্তব্য দেন বিসিএসএর আজীবন সদস্য ও বিডিজবস.কম এর প্রতিষ্ঠাতা ও সিইও ফাহিম মাসরুর।










