শুভাশিসের বলে ক্যাচ হয়েও ‘নো’ বলের কল্যাণে বেঁচে যাওয়া কুশল মেন্ডিস সেঞ্চুরি তুলে নিয়েছেন। আরেক প্রান্তে তাকে সঙ্গে দিচ্ছেন আসিলা গুনারত্নে। তিনিও অর্ধশতক তুলে চোঙ রাঙাচ্ছেন। দুজনে এভাবে দলকে এখন পর্যন্ত ২২৬ রানে রেখেছেন। সাজঘরে তিনজন।
লাঞ্চের পর মোস্তাফিজ উইকেটের দেখা পেলেও বিশেষ সুবিধা করতে পারছেন না। ইতিমধ্যে ১০ ওভারের বেশি বল করেছেন।
দেখার মতো এক অফকাটারে দীনেশ চান্দিমালকে ফিরিয়েছিলেন (৫)। কাভার ড্রাইভ করতে চেয়েছিলেন তিনি। বল কানা নিয়ে চলে যায় মিরাজের হাতে।
এর আগে টস হেরে ফিল্ডিং করতে নেমে মোস্তাফিজ আর তাসকিনকে দিয়ে শুরু করেন অধিনায়ক মুশফিক। তাসকিন দুই ওভার করেন। আরেক দিকে মোস্তাফিজ নিয়মিত থাকলেও শুভাশিসকে যোগ করেন মুশি। আর তাতেই সাফল্য। নিজের প্রথম ওভারে দলকে উইকেট এনে দেন তিনি।
ঠিক পরের বলে কুশল মেন্ডিস উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু রিপ্লেতে দেখা যায় বলটি ‘নো’ ছিল।
দ্বিতীয় উইকেটটি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দিমুথ করুনারত্নেকে (৩০) বোল্ড করেন তরুণ এই স্পিনার।
বাংলাদেশ এই শ্রীলঙ্কার বিপক্ষেই সবচেয়ে বেশি টেস্ট খেলেছে। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ১৬ বার। যার মধ্যে ১৪টিতে জিতেছে লঙ্কানরা। দুটি ড্র।
সবশেষ লঙ্কাপাড়ে মুশফিকরা খেলতে যায় ২০১৩ সালে। সেবার প্রথম টেস্টে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৬৩৮ রান করে। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিক ডাবল সেঞ্চুরি করেছিলেন। ওই টেস্ট ‘ড্র’ হয়েছিল।










