পরিবেশ

বৃষ্টিসহ আবারও আরেকটি বড় শৈত্যপ্রবাহের শঙ্কা

শীত-বৃষ্টির শঙ্কা-শৈত্যপ্রবাহ

গত কয়েকদিনের চেয়ে সামান্য বেড়েছে তাপমাত্রা। মিষ্টি রোদ উঠেছে। ঠাণ্ডা বাতাসের কারণে রোদের তাপ তেমন অনুভূত না হলেও দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে দিনের বেলার ঠাণ্ডাটা কিছুটা আরামদায়কই বলা চলে।

কিন্তু শীতকালের তো এখানেই শেষ নয়। আবারও আসছে বৃষ্টি। আর তার পরপরই আরেকটি বড় শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অফিস বলছে, আগামী ৩ জানুয়ারি থেকে দুই থেকে তিনদিন বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। বৃষ্টির পর আসবে আরেকটি শৈত্যপ্রবাহ, যেটি সারাদেশের ওপর দিয়েই যাবে।

আবহাওয়াবিদ রাশেদুজ্জামান চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, বর্তমানে টাঙ্গাইল, মৌলভীবাজার ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলমান শৈত্যপ্রবাহটির রেশ থাকবে জানুয়ারির প্রথম পর্যন্ত।

তবে তিনি জানান, এই শৈত্যপ্রবাহটি চলমান থাকলেও বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে শীতের তীব্রতা খুব বেশি অনুভূত হবে না। শীতকালের জন্য যা স্বাভাবিক, এমন শীতল আবহাওয়া বিরাজ করবে। মূলত অন্যান্য অঞ্চলে এই শৈত্যপ্রবাহের কারণে রাজধানীতেও রোদ ওঠার পরও প্রকৃত তাপমাত্রার চেয়ে উষ্ণতা কম অনুভব হচ্ছে।

তবে উত্তরাঞ্চলে কনকনে ঠাণ্ডা অনুভূত হবে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

সারাদেশে সার্বিকভাবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়:তীব্র শীত শীত শৈত্যপ্রবাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…