চট্টগ্রাম থেকে: বৃষ্টির কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।
খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দল যখন লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছিল তখনই শুরু হয় বৃষ্টি। যা এই প্রতিবেদন লেখার সময়ও অব্যাহত রয়েছে। মধ্যমাঠ ত্রিপল দিয়ে ঢেকে রেখেছেন গ্রাউন্ডসম্যানরা। খেলোয়াড়রা ড্রেসিংরুমে।
সকাল থেকেই মেঘলা চট্টগ্রামের আকাশ। আবহাওয়ার পূর্বাভাসেও টানা তিনদিন রয়েছে বৃষ্টির শঙ্কা। ম্যাচটি ড্র হলে ১-০ তে সিরিজ জিতবে বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের করা ৩০৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে অজিরা তুলেছেন ২ উইকেট হারিয়ে ২২৫ রান। ৮০ রানে পিছিয়ে সফরকারীরা।
শঙ্কা থাকলেও মিরপুর টেস্টে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বৃষ্টি। সাড়ে তিনদিনে শেষ হয়ে যাওয়া ম্যাচে ২০ রানে জয় নিয়েই মাঠ ছেড়েছিল বাংলাদেশ।
ছবি: সাজ্জাদ খান।










