আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হারের পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির কড়া সমালোচনা করেছেন পুনের কোচ স্টিভেন ফ্লেমিং ও অধিনায় মহেন্দ্র সিং ধোনি। সাবেক নিউজিল্যান্ড অধিনায়কের সাফ কথা, ‘ডাকওয়ার্থ-লুইস একটা ফালতু নিয়ম। টি-টোয়েন্টিতে এটা চলে না।’
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মহেন্দ্র সিং ধোনির পুনে সুপারজায়ান্টসকে ডাকওয়ার্থ লুইস মেথডে (ডিএল মেথড) ২৪ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় কলকাতা।
আগে ব্যাট করে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৭.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে রাইজিং পুনে সুপারজায়ান্টস যখন কোনঠাসা তখনই ইডেন গার্ডেনে নামে বৃষ্টি। সেই বৃষ্টি এতোটাই যে, শেষ পর্যন্ত খেলাই বন্ধ করে দিতে বাধ্য হলেন আম্পায়াররা। প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে মাঠে গড়ায় বল। তবে দ্বিতীয় ইনিংসের এবং কার্টেল ওভারের। কলকাতার সামনে জয়ের জন্য ৯ ওভারে ৬৬ রানের লক্ষ্য বেধে দেয়া হয়।
সেই রান মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। ১৮ বলে অপরাজিত ৩৭ রান করেন ইউসুফ পাঠান। ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকে মনীশ পান্ডে।
ফ্লেমিং বলেন, ‘বৃষ্টি না হলে, এমএস থাকলে আমাদের রানটা কোথায় যেত বলা মুশকিল। উইকেট যা স্লো, টার্নিং ছিল, তাতে ২০ ওভারে ১৩৫ তুলতে পারলেই স্কোরটা ভাল জায়গায় চলে যেত।’
ম্যাচ শেষে কোচের সুরে সুর মিলিয়েছেন অধিনায়কও। ধোনির তির্যক মন্তব্য, ‘চোট-টোট তো অনেক হয়েছে। শুধু ডাকওয়ার্থ-লুইসে হারাটাই বাকি ছিল আমাদের। সেটাও হয়ে গেল।’










