বৃষ্টির কারণে বাংলাদেশ-সাউথ আফ্রিকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে আজ খেলা মাঠে গড়াতে পারেনি।
শনিবার বেলা ৩টার দিকে খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। এর আগে দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়।
তৃতীয় দিনের সকাল থেকেই চলা টানা বৃষ্টিপাত বন্ধ হয় বেলা সোয়া এগারোটায়। মাঠ খেলার উপযুক্ত হয়েছে কিনা তা পর্যবেক্ষণ এবং খেলা কখন শুরু করা হবে তা জানাতে বেলা দেড়টায় মাঠ পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত জানানো হয়। দ্বিতীয় দিনটি হোটেলেই কাটানো টাইগার ও প্রোটিয়া বাহিনি মাঠের উদ্দেশ্যে রওয়ানা দেন বেলা সাড়ে বারোটায়।
আবহাওয়ার অনুকুল অবস্থা এবং মাঠ পর্যবেক্ষণ শেষে তৃতীয় দিনের খেলাটি বেলা সোয়া দুইটা থেকে শুরু হয়ে বিকাল ৬ টা পর্যন্ত চলবে বলে জানানো হয়।
এদিন ৪৫ ওভারের খেলা অনুষ্ঠিত হবে বলেও জানান আম্পায়ার। কিন্তু দুপুর দুইটা থেকে আবারো বৃষ্টি শুরু হলে এবং ক্রমেই তা জোড়ালো হতে শুরু করলে তৃতীয় দিনের খেলাটিও পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।
ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে সৃষ্ট বৃষ্টি আরও স্থায়ী হওয়ার আশঙ্কা থাকায় দ্বিতীয় টেস্টের একটি বড় অংশই বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কার মধ্যে রয়েছে।
ঢাকার মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সফররত সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচটির প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিলো আট উইকেট হারিয়ে ২৪৬ রান।
প্রথম দিনের ৮৮.১ বল খেলায় মুশফিক, মমিনুল, সাকিবদের দৃড় ব্যাটিংয়ের পরও শেষ দিকের ধ্বসে আধিপত্য বজায় রাখতে ব্যর্থ হয় বাংলাদেশ। দিন শেষে নাসির হোসেন ১৩ রানে অপরাজিত থাকেন।
বৃষ্টিবিঘ্নতায় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর তৃতীয় দিনেও একই ভাগ্য বরণ করে নিতে হলো মিরপুরের টেস্টকে।







