পার হয়ে গেছে জীবনের ৩৩টি বসন্ত। ফুটবলে খেলোয়াড়রা এ বয়সে বুড়িয়ে যাওয়া শুরু করেন। বিষয়টা জানা ক্রিস্টিয়ানো রোনালদোরও। ২০ বছরে বয়সে যেভাবে মাঠে দাপিয়ে বেড়ানো সম্ভব হয়েছে, এখন সেভাবে সম্ভব নয়। এই অমোঘ সত্যটা মেনে নিচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
ইতালির জিকিউ ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে সত্যিটা বলতে দ্বিধা করেননি রোনালদো। বয়স বাড়ায় যে ক্যারিয়ারের গতি কিছুটা পড়তির দিকে সেটিও এসেছে তার ভাবনায়।
‘আমি এখন জানি, ১০ বছর আগে যা করতে পারতাম তা এখন পারবো না। এ বয়সে নিজেকে ফিট রাখতে অনেককিছু ত্যাগ করতে হয়। ২০ বছর বয়সে যা পারতাম, তা আর এখন সম্ভব নয়।’
বুড়িয়ে যাচ্ছেন বলে যে স্বপ্নের পেছনে দৌঁড়ানো সম্ভব নয় সেটিও মানছেন না পর্তুগিজ অধিনায়ক, ‘আমার অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা। আমি মনে করিব সকলেরই তার স্বপ্নের পেছনে ছোটা উচিত। আমি আমার স্বপ্নের পেছনে ছুটেছি, আরও উন্নতি করে ছুটতেই থাকবো।’
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবে রোনালদোর রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের মুখোমুখি হওয়ার আগে ফরাসি জায়ান্টদের অন্যতম সেরা স্তম্ভ কাইলিয়ান এমবাপে অবশ্য বলছেন বুড়িয়ে যাচ্ছেন না রোনালদো। বয়স বাড়ায় খেলায় কোন ছাপ পড়বে না সিআর সেভেনের, মত ফরাসি তারকার।
‘রোনালদোর খেলা মোটেও পড়তির দিকে নেই। যদি তার খেলা পড়তির দিকে হয়, তাহলে আরও অনেক খেলোয়াড়েরই খেলা পড়তির দিকে। রোনালদো একজন অসাধারণ খেলোয়াড়।’








