৩৬ বছর পূর্ণ করলেন মার্কিন পপতারকা বিয়ন্সে নোয়েলস। আর জন্মদিনে ভালোবাসা আর শুভেচ্ছা কোনোটারই কমতি ছিল না তার জন্য। নিজেও কম সারপ্রাইজড হননি এর জন্য। পরিবার, কাছের বন্ধুরা সবাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিয়ন্সেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার সাজে নিজেকে সাজিয়েছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। আর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে ছবিটি।

বিয়ন্সের মা টিনা নোয়েলস তার ইনস্টাগ্রাম পেজে মেয়ের জন্মদিনকে নিয়ে বেশ আবেগী একটি পোস্ট লেখেন। তিনি লেখেন, ‘আজ থেকে ৩৬ বছর আগে বিধাতা অনেক নারীর মধ্যে থেকে আমাকে নির্বাচন করেছে তোমার মা হবার জন্য। আমি গর্বিত তোমার মা হতে পেরে। তুমি শুধু তারকা-ই নয় একজন ভালো মানুষও বটে।’
বাবা ম্যাথু নোয়েলস বিয়ন্সের জন্মস্থান হিউস্টন থেকে তার ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘এই শহর তোমাকে মিস করছে, তার চেয়েও বেশি মিস করছে তোমার বাবা। শুভ জন্মদিন।’
শুধু তাই নয়, জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সহশিল্পী অ্যাডেল এবং টেনিস তারকা সেরেনা উইলিয়ামসও। আর জন্মদিনের পুরো সময়কে আনন্দময় করতে স্বামী জে জ্যা এবং তিন সন্তান তো ছিলই। টাইমস অব ইন্ডিয়া।









