অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণের নাম ‘অ্যান্ড্রয়েড ওরিও’। অ্যান্ড্রয়েড ‘ও’ নামে ডেভেলপার প্রিভিউ উন্মুক্ত করার ঠিক পাঁচ মাসের মাথায় নামটি প্রকাশ করল গুগল। মূলত ক্যাডবেরির একটি জনপ্রিয় বিস্কুট ব্র্যান্ডের নাম ওরিও।
নতুন এই সংস্করণের নাম কী হবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল আলোচনা। বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছিল অ্যান্ড্রয়েড ৮.০ সংস্করণের নাম হতে পারে ‘ওরিও’। শেষ পর্যন্ত এই গুঞ্জন সত্যি হলো।
অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণে থাকছে বেশ কিছু নতুন ফিচার। এর মধ্যে আছে পিকচার ইন পিকচার মোড, নোটিফিকেশন ব্যাজ, স্মার্ট টেক্সট সিলেকশন, সিস্টেম অপটিমাইজেশন, আরও উন্নত ব্যাটারি লাইফসহ আরও অনেক কিছু। ওরিওতে আরও থাকছে সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা ইমোজি।

গুগলের নতুন পিক্সেল ফোনে থাকবে অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম। এর পাশাপাশি অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডও ইতোমধ্যে বিভিন্ন মডেলের তালিকা প্রকাশ করতে শুরু করেছে যেসব ডিভাইসে ওরিও আপডেট পাওয়া যাবে। এর মধ্যে আছে ওয়ানপ্লাস থ্রি, ওয়ানপ্লাস থ্রি টি। আসুসও তাদের স্মার্টফোনে ওরিও আপডেট দেওয়ার কথা জানিয়েছে।








