ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত তোয়াক্কা না করে আবারও মাঠে আসা শুরু করেছেন আজীবন নিষিদ্ধ হওয়া বরিশাল বুলসের কর্নধার রিজওয়ান বিন ফারুক।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতবছর ক্রিকেট বোর্ড তাকে বহিস্কার করলেও চলতি বিপিএলে বরিশাল টিমের সঙ্গেই মাঠে থাকছেন তিনি। বোর্ডের সঙ্গে বোঝাপড়ার কথা বললেও বিসিবি জানিয়েছে তার শাস্তি বহাল রয়েছে।
গত বছর মিরপুরে এশিয়া কাপ ক্রিকেট ফাইনালের পুরস্কার প্রদানের ঠিক আগ মুহুর্তে চরম বিব্রতকর এক ঘটনা ঘটে। মদ্যপ হয়ে মাঠের ভেতরেই ক্রিকেটার এবং কোচিং স্টাফদের ড্রেসিং রুমের সামনে বোর্ডের ব্রডকাস্ট পার্টনার মাইনুল ইসলামের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বরিশাল বুলসের কর্নধার রিজওয়ান বিন ফারুক।
এর কিছুদিন পর তাকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকান্ড থেকে আজীবন নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে আবারও মাঠে রিজওয়ান। বরিশাল-চিটাগং ম্যাচের সময় তাকে বুলসের অফিশিয়াল টি-শার্ট পড়া অবস্থায় দেখা গেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। গোফ ফেলে দিয়েছেন তিনি। ক্যামেরা আড়াল করার চেষ্টাও করছিলেন তিনি । পরে জানান ভুল বোঝাবুঝি অবসানের কথা ।
তবে তার দাবি মিথ্যা বলেছেন বিসিবি পরিচালক শেখ সোহেল। তিনি বলেন, অন্যায়ের শাস্তি রিজওয়ানকে পেতেই হবে।
বোর্ড পরিচালক শেখ সোহেল নিশ্চিত করেন, বোর্ডের নেওয়া সবগুলো সিদ্ধান্তই তারা চুড়ান্তভাবে নিয়েছেন, বিশৃঙ্খলার কারণে কারও ছাড় পাওয়ার কোন সুযোগ নেই।










