বিশ্রামের সময়টাতেই ঠিক হয়ে যাবেন দিবালা

শনিবারের ম্যাচে চোট পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। তবে চোট কতটা গুরুতর সে বিষয়ে নিশ্চিত করেনি সিরি আ চ্যাম্পিয়ন দলটি। সামনে দুই সপ্তাহের বিশ্রাম সূচি আছে দলটির। তারপরই দিবালাকে পাওয়ার আশা করছে জুভরা।
সিরি আতে কালিয়েরির বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে চোখে পানি নিয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন দিবালা। একই ম্যাচে মাথায় আঘাত পেয়ে পরের ম্যাচ থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার স্যামি খেদিরা।
চোটের ধরন দেখে খারাপ মনে হলেও জুভ কোচ অ্যাল্লেগ্রির বিশ্বাস গুরুতর সমস্যায় পড়েননি দিবালা। সামনের দুই সপ্তাহ বিশ্রাম থাকায় সুস্থ হয়ে ফিরবেন তার আর্জেন্টাইন শিষ্য, এমন আশাই ঝরেছে কোচের কণ্ঠে।
‘আমরা ঠিক জানি না দিবালার চোট কতটা খারাপ। পরীক্ষার পর জানা যাবে। সৌভাগ্যবশত আমাদের দুই সপ্তাহ বিশ্রাম আছে। এ সময়টাতে আশা করি সে বেশি করে বিশ্রাম নেবে। শেষ সপ্তাহে আমরা তাকে একদম ফুরফুরে মেজাজে পাওয়ার আশা করছি।’






