সদ্য সমাপ্ত বিশ্ব বিজ্ঞান অলিম্পিয়াডে ৬টি পদক জয় করে ফেরা বাংলাদেশ দলের তরুণ শিক্ষার্থীদের সম্বর্ধনা দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সভাকক্ষে এই সম্বর্ধনায় বিজয়ীদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের সভাপতি কাজী মতিন উদ্দিন আহমেদ।
পদক জয়ী বাংলাদেশী প্রতিযোগীরা হলো চট্টগ্রাম ক্যান্ট পাবলিক কলেজের
ফাইরুজ ইশরাক ও ফারদিন আল ওয়াফিয়ান, রাজশাহীর প্যারামাউন্ট কলেজের সামেন ইয়াসার এবং
বরিশাল সরকারী হাতেম আলী কলেজের তাহমিদ হোসাইন। বাংলাদেশের প্রথম পরিবেশ বিজ্ঞান বিষয়ক
অলিম্পিয়াড ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড এর মাধ্যমে প্রায় তিন হাজার অংশগ্রহণকারীর মধ্য
থেকে এদের বাছাই করে প্রশিক্ষিত করা হয়েছিল। বাংলাদেশ ইয়ুথ ইনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ (বিওয়াইইআই)’র রাফি মোস্তফা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
প্রফেসর ড. ইউনুস আহমেদ খান পরামর্শক হিসেবে দলের সঙ্গে ছিলেন।
জাপানের মি অঞ্চলে অনুষ্ঠিত এবারের অলিম্পিয়াডের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আমাদের আগামীঃ পৃথিবী ও মহাশূন্য’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ, বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, আইসিসিসিএডি এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সহায়তায় প্রতিবছর ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড(নিও) এর আয়োজন করে আসছে বাংলাদেশ ইয়ুথ ইনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ (বিওয়াইইআই)। জাতীয় এই প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বরধারীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।
লিখিত ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে পরিবেশ বিজ্ঞানের পাঁচটি শাখায় (ভূতত্ত্ব, ভূপ্রকৃতিবিদ্যা, বায়ুবিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা) প্রতিযোগিদের দক্ষতা যাচাই করা হয়। এর পাশাপাশি কর্মদক্ষতা পরীক্ষা করা হয় আর্থ সায়েন্স প্রজেক্ট (ইএসপি) ও ইন্টারন্যাশনাল টিম ফিল্ড ইনভেস্টিগেশন (আইটিএফাই) এর মাধ্যমে।








