টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করার জন্য এবং সবগুলো টেস্ট খেলুড়ে দেশ যেন সমান সংখ্যক ম্যাচ খেলতে পারে সেই লক্ষ্যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা করেছে। ২০১৯ সাল থেকে হওয়ার কথা এই টুর্নামেন্ট। কিন্তু সংস্থাটির পরিকল্পনার মাঝে বাধার দেয়াল হয়ে দাঁড়িয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে বিসিবিআই।
বিসিসিআইয়ের একজন মুখপাত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘চ্যাম্পিয়নশিপের এই পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত হবে, যেখানে আইসিসি এখনো আয়ারল্যান্ড এবং আফগানিস্তানকে পূর্ণ টেস্ট মর্যাদাই দেয়নি। আইসিসি মনে করেছিল ‘দুর্বল’ বিসিসিআই তাদের কোন বাধাই দেবে না। কিন্তু আমরা এটির বিপক্ষেই থাকছি।’
চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে আইসিসির দুইদিন ব্যাপী কার্যনির্বাহী সভার আগে বিসিসিআই এই ঘোষণা দিলো। এপ্রিলে আইসিসির সাধারণ সভায় ভারত আনুষ্ঠানিকভাবে তাদের আপত্তির কথা জানাবে। মূলত ছোট দলগুলির বিপক্ষে খেলতে চায় না বলেই দেশটির বোর্ডের এই আপত্তি। আফগানিস্তান, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ের মত দলগুলোর বিপক্ষে খেললে খুব একটা আয় হয় না, এই অজুহাতে ভারত নিচের দিকের দলগুলোকে এড়িয়ে চলে। এখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হলে এই দলগুলোর বিপক্ষে খেলতে বাধ্য হবে তারা।









