ভ্যাটিকান ও রাশিয়ায় বিশ্বের দুই প্রধান চার্চের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার কথা বললেন পোপ ফ্রান্সিস এবং রুশ অর্থোডক্স প্যাট্রিয়ার্ক কিরিল।
কিউবায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এক ঐতিহাসিক বৈঠকে এ ব্যাপারে একমত হন তারা।
এছাড়াও যৌথ ঘোষণায় এই দুই ধর্মীয় নেতা মধ্যপ্রাচ্যের নিপীড়নের হাত থেকে খ্রিস্টানদের রক্ষা করার আহ্বান জানান।
১১ শতকে খ্রিষ্টধর্ম পূর্ব ও পশ্চিম – এ দুই শাখায় ভাগ হয়ে যাওয়ার পর এই প্রথম একজন পোপ ও একজন রুশ চার্চ প্রধান দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিলেন।
দেখা হতেই একে অপরকে ‘ভাই’ বলে সম্বোধন করে জড়িয়ে ধরেন তারা। চুম্বন করে অভ্যর্থনা জানান।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কিরিল বলেন, তার এবং পোপ ফ্রান্সিসের মধ্যকার আলোচনা ছিলো যথেষ্ট ‘উন্মুক্ত’ ও ‘ভ্রাতৃসুলভ’। একই সম্মেলনে পোপ বৈঠকটিকে ‘খুবই আন্তরিক’ বলে অভিহিত করেন।
দু’ঘণ্টার ওই বৈঠকটি অনুষ্ঠিত হয় কিউবার হাভানা বিমানবন্দরে।
পোপ ফ্রান্সিস ওই সময় মেক্সিকো যাওয়ার পথে কিউবায় থেমেছিলেন। অন্যদিকে প্যাট্রিয়ার্ক কিরিল কিউবা, ব্রাজিল ও প্যারাগুয়েতে ত্রি-দেশীয় সফর চলছে।







