সেঞ্চুরি পাননি কেউ। এরপরও ৩৩০ রানের বিশাল সংগ্রহ গড়েছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের রেকর্ড সংগ্রহ। বোলাররা ইতিবাচক শুরু এনে দিতে পারলে সাউথ আফ্রিকার বিপক্ষে এই স্কোরেই ম্যাচ জয়ের আশা করছেন সাকিব আল হাসান।
দলের ইনিংস শেষে স্বল্প আলাপে আইসিসিকে সাকিব বললেন, ‘আমার মনে হয় ম্যাচ জয়ের জন্য এটা বেশ ভালো সংগ্রহ। সবার মনে বিশ্বাস আছে, জেতার জন্য এই সংগ্রহই যথেষ্ট!’
বাংলাদেশের ইনিংসে ফিফটি হয়েছে কেবল দুটি। তবে বাকী সবাই কম-বেশি রান করায় বিশাল সংগ্রহ পেয়েছে টাইগাররা। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে নিজেদের বিশ্বকাপ রেকর্ড ১৪২ রান যোগ করেছেন সাকিব। নিজে করেছেন ৭৫, মুশফিক আউট হয়েছেন ৭৮ রানে।
রান পাওয়ায় পর উইকেটের প্রশংসা করেছেন সাকিব। উইকেটে ধৈর্য্য রাখতে পারাটাই বড় সংগ্রহের ভিত বলে জানালেন, ‘আমরা জানতাম উইকেট বেশ ভালো। আমাদের কেবল ধৈর্য্য ধরতে হত এবং উইকেটে থাকতে হত। খারাপ বল হবেই। তার সঠিক ব্যবহার করতে পারলেই রান আসবে।’








