ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেছেন, গবেষণা, মাননিয়ন্ত্রণ ও সৃষ্টিশীল ওষুধ বাজারজাত করার মাধ্যমে বিশ্ববাজারে অবস্থান তৈরি করাই ইনসেপ্টার অন্যতম উদ্দেশ্য।
রোরবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর বার্ষিক বিক্রয় সম্মেলন-২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিক্রয় সম্মেলনে আব্দুল মুক্তাদির তার বক্তব্যে কোম্পানীর সার্বিক অগ্রগতি-অর্জন এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে বলেন, অদূর ভবিষ্যতে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ওষুধ সরবরাহে অগ্রণী ভূমিকা রাখার জন্য ইনসেপ্টা কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই ইনসেপ্টা বিশ্বমানের অ্যানিমেল ভ্যাকসিন বাজারজাত করতে যাচ্ছে।
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির বলেন, ইনসেপ্টা সর্বদাই বাংলাদেশের মানুষের প্রয়োজনে বিশ্বের সর্বাধুনিক ওষুধ উচ্চমান বজায় রাখার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে আনার চেষ্টা করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ইনসেপ্টা তার নিজস্ব বাল্ক থেকেই কলেরা ভ্যাকসিন তৈরি করেছে যা একটি বৈপ্লবিক ঘটনা। ভ্যাকসিনটির ক্লিনিকাল ট্রায়াল সম্পূর্ণ হয়েছে এবং ২০১৭ সালের প্রথমার্ধে এটি বাজারজাত করা হবে।
দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ এর ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির।
ডাঃ ই. এইচ. আরেফিন আহমেদ (জেনারেল ম্যানেজার, মার্কেটিং) এবং এহসান আজিজ (জেনারেল ম্যানেজার, মার্কেটিং) ২০১৭ সালের জন্য কোম্পানির কর্মপরিকল্পনা তুলে ধরেন ।
অনুষ্ঠানে ২০১৬ সালের সেরা অর্জনকারীদেরকে তাদের সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানটি সান্ধ্যভোজ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।







