ভারতকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে অজিরা। মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম শিরোপার খোঁজে থাকা হারমানপ্রিত কৌরের দলকে ফাইনালে ১৮৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছে টুর্নামেন্টের বর্তমান ও সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া।
মেলবোর্নে আন্তর্জাতিক নারী দিবসে বসা নারী বিশ্বকাপের শিরোপার মঞ্চে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৮৪ রান তুলেছে অস্ট্রেলিয়া।
আসরের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে বিধ্বস্ত এক হারে শুরু করা অস্ট্রেলিয়া এদিন শুরু থেকেই স্বরূপে। উদ্বোধনীতে অ্যালিসা হিলি ও বেথ মোনি লাগাম টেনে নেন। দুজনে ৭০ বলে ১১৫ রান যোগ করেন।
অজি ছেলেদের দলের তারকা পেসার মিচেল স্টার্কের বউ উইকেটকিপার-ব্যাটার হিলি ছিলেন বিধ্বংসী। ৩৯ বলে ৭৫ রানের ইনিংস খেলে দেন। সঙ্গে টি-টুয়েন্টিতে দুই হাজার রানের ক্লাবে নাম লেখান। ৭ চার ও ৫ ছক্কায় সাজানো ইনিংস তার।
আরেক ওপেনার মোনিকে আউট করতে পারেনি ভারতীয় বোলাররা। ওয়ানডাউনে অধিনায়ক ল্যানিংকে নিয়ে আরও ৩৯ যোগ করেন মোনি। ল্যানিং ফিরে যান ১৬ রানে। পরে গার্ডনার ২ ও হেইনেস ৪ রানে আউট হলেও বড় সংগ্রহ পেতে সমস্যা হয়নি স্বাগতিকদের।
একপ্রান্ত আগলে রাখা মোনি অপরাজিত ৭৮ রানের ইনিংস যে খেলে দেন। ১০ চারে ৫৪ বলে সাজানো ইনিংস তার।
দীপ্তি শর্মা ৪ ওভারে ৩৮ রানে ২টি, পুনম ও রাধা নেন একটি করে উইকেট।










