ওয়েস্ট ইন্ডিজে গত টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের হতাশায় ডুবিয়েছে ব্যাটিং। ফিরতে হয়েছে জয়ের খাতা শূন্য রেখেই। দুই বছর পর বিশ্বকাপ এবার অস্ট্রেলিয়ার মাটিতে। আসর থেকে দুই-একটা জয় নিয়েই ফিরতে চায় টিম টাইগ্রেস। অধিনায়ক সালমা খাতুন জানালেন, তার দলের লক্ষ্য স্মার্ট ক্রিকেট খেলা।
আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই অস্ট্রেলিয়া যাচ্ছে মেয়েরা। রোববার ব্রিসবেন হয়ে গোলকোস্টে যাবে বাংলাদেশ দল। সেখানে বিসিবির খরচে হবে ১৩ দিনের অনুশীলন ক্যাম্প। ১৪ ফেব্রুয়ারি থেকে আইসিসির অধীনে মেলবোর্নে ক্যাম্প করবেন সালমা-রুমানারা।
মেয়েরা দেশ ছাড়ার বেশ আগেই বৃহস্পতিবার হয়ে গেল আনুষ্ঠানিক ফটোসেশন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক সালমা জানালেন লক্ষ্যের কথা।
‘আমরা তো সবাই আশা করে যাই যে ভালো ক্রিকেট খেলবো, একটা দুইটা ম্যাচ জিতবো। সেটা সবার মধ্যেই থাকে। এবারও আশা করছি আমরা একটা-দুটো ম্যাচ জিতবো। এই আশা নিয়েই আমরা যাচ্ছি বিশ্বকাপে।’
দশ দলের টুর্নামেন্টে কঠিন গ্রুপে পড়েছে টিম টাইগ্রেস। স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে লাল-সবুজরা। ভারত, শ্রীলঙ্কার সঙ্গে অতীতে খেললেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সংস্করণেই খেলেনি বাংলাদেশের মেয়েরা।
‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওরাও জানে না যে আমরা কী ধরনের ক্রিকেট খেলি, আমরাও ওদের সম্পর্কে জানি না। ভিডিওতে ওরা আমাদের দেখছে, আমরাও দেখছি, এমনটা। আমার যতদূর মনে হয় মাঠে যখন খেলবো তখনই বুঝতে পারবো আসলে কে কার থেকে ভালো। অবশ্যই আমি বলবো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আমাদের থেকে ভালো। কিন্তু আমরা চেষ্টা করবো সেরা ক্রিকেটটা খেলার জন্য, স্মার্ট ক্রিকেট খেলার জন্য।’
সালমা জানালেন ব্যাটিং নিয়ে যে হতাশা ছিল তা ধীরে ধীর কাটতে শুরু করেছে, ‘আপনারা দেখছেন, ব্যাটিংয়ে অনেক উন্নতি হয়েছে আমাদের। আমি বরাবরই বলি বোলিং সাইডটা খুবই শক্তিশালী, ব্যাটিং-বোলিং দুটোই আমরা উন্নতি করছি। আশা করি এবারে বিশ্বকাপে আমাদের ব্যাটসম্যানরা অবশ্যই ভালো করবে।’
বাংলাদেশের জন্য স্বস্তির খবর চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন রুমানা আহমেদ। গত বছর অস্ট্রেলিয়ায় আইসিসির ইভেন্টে অংশ নেয়া টি-টুয়েন্টি দলের সহ-অধিনায়ক রুমানাও শোনালেন আশাবাদের কথাই।
‘কিছুদিন আগেই আমি অস্ট্রেলিয়ায় গিয়েছি এবং মেলবোর্নেই গিয়েছিলাম। যা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। ওখানকার উইকেটগুলো ব্যাটসম্যানদের পক্ষেই থাকে। আমাদের ব্যাটসম্যানরা যেহেতু এখন কিছুটা ভালো করছে, আমরা যদি ভালো কিছু করি বা একটা সংগ্রহ দাঁড় করাতে পারি, তাহলে আমাদের বোলারদের জন্য সুবিধা হবে।’







