ক্রিকেট

বিশ্বকাপে ঐতিহাসিক প্রথম জয় পেল উগান্ডা

ক্রিকেট ম্যাচে উগান্ডার ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে উগান্ডা দলের ক্রিকেটার ব্যাটিং করছেন, প্রতিপক্ষের বোলারকে মোকাবিলা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক আসরে খেলতে এসে স্মরণীয় জয়ের দেখা পেল উগান্ডা। লো স্কোরিং ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে আফ্রিকা অঞ্চলের দেশটি ৩ উইকেটের জয় তুলে নেয়।

প্রোভিডেন্সে বৃহস্পতিবার টসে হেরে ব্যাটিংয়ে নামা পাপুয়া নিউগিনি ১৯.১ ওভারে মাত্র ৭৭ রানে অলআউট হয়। স্বল্প লক্ষ্য তাড়াটা অবশ্য উগান্ডার জন্য সহজ ছিল না। ১৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে তাদের ঐতিহাসিক জয় ছিনিয়ে আনতে হয়।

নিউগিনির হয়ে সর্বাধিক ১৫ রান করেন হিরি হিরি। কিপলিন দরিগা ও লেগা সিয়াকার ব্যাট থেকে আসে ১২ রান। বাকি ব্যাটাররা কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। অতিরিক্ত খাত থেকে আসে ১৩ রান।

উগান্ডার হয়ে রামজানি, কসমাস জুমা ও এনসুবুগা দুটি করে উইকেট পান।

৭৮ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ৬ রানেই ৩ উইকেট হারিয়ে উগান্ডা বিপদে পড়ে। ২৬ রানের মধ্যে হারায় ৫ উইকেট। বিপর্যয় সামলে রিয়াজাত আলী শাহ এবং জুমা ষষ্ঠ উইকেটে ৩৫ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নেন। রিয়াজাত ক্যাচ দিলেও জীবন পাওয়ায় তা হয়ে যায় ম্যাচের টার্নিং পয়েন্ট। জুমা ১৫ রানে রান আউট হলে জুটি ভাঙে।

কেন্নেথ ওয়াইসওয়াকে নিয়ে ধীরগতির ব্যাটিংয়ে আগাতে থাকা রিয়াজাত ৫৬ বলে এক চারে ৩৩ রানে সাজঘরে ফেরেন। উগান্ডার জয়ের জন্য তখন দরকার ৩ রান। ওয়াইসওয়া ১৯তম ওভারের দ্বিতীয় বলে সুইপ শটে দৌড়ে দুই রান নিলে বিশ্বকাপের মঞ্চে জয়ের স্বাদ পায় উগান্ডা।

বল হাতে পাপুয়া নিউগিনির হয়ে অ্যালেও নাও ও নরম্যান ভানুয়া দুটি করে উইকেট দখল করেন।

বিষয়:উগান্ডা২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ পাপুয়া নিউগিনি২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…