বিশ্বকাপের এক-তৃতীয়াংশ ম্যাচই শেষ হয়নি। এর মাঝেই দুর্দান্ত সব গোলের পসরায় জমে উঠেছে রাশিয়ার ১২ মঞ্চ। কম-বেশি গোল হয়েছে প্রায় প্রতি ম্যাচেই। কিছু গোল চোখে লেগে থাকার মতো। কিছু গোল এনেছে ফ্রেমে বাঁধিয়ে রাখার মুহূর্ত।
দেখে নেয়া যাক বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা ৫ গোল কোনগুলো-
হ্যারি কেন (ইংল্যান্ড), প্রতিপক্ষ তিউনিসিয়া
তিউনিসিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতার ম্যাচে দুটি গোলই আসে ইংলিশ অধিনায়কের থেকে। যার মাঝে দ্বিতীয় গোলটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ কেনের ওই গোলেই তিন পয়েন্ট নিশ্চিত হয় থ্রি লায়ন্সদের।
ম্যাচের অতিরিক্ত সময়ে কর্নার থেকে উড়ে আসা বলে কাইরেন ট্রিপ্পিয়ের মাথায় ছোঁয়ান, সেটিতে আরেকদফা মাথা ছুঁইয়ে তিউনিসিয়ার জালে জড়িয়ে দেন কেন। নিশ্চিত করেন দলের জয়। এই গোলটি আছে সেরার তালিকায়।
ফিলিপে কৌতিনহো (ব্রাজিল), প্রতিপক্ষ সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডের বিপক্ষে কৌতিনহোর ২৫ গজ দূর থেকে নেয়া বাঁকানো শটে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। যদিও শেষপর্যন্ত ড্র মানতে হয়েছে সেলেসাওদের। তিন পয়েন্ট আসেনি, তবে বিশ্বকাপের অন্যতম সেরা গোলের তালিকায় ঢুকে গেছে কৌতিনহোর গোল।
নাচো (স্পেন), প্রতিপক্ষ পর্তুগাল
পর্তুগালের বিপক্ষে ৫৮ মিনিটে তার দুর্দান্ত হাফ-ভলির গোলটি এখনো চোখে লেগে আছে ফুটবলপ্রেমীদের। সেরার ভোটেও এগিয়ে আছে গোলটি।
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল), প্রতিপক্ষ স্পেন
স্পেনের বিপক্ষে পিছিয়ে আছে পর্তুগাল। ম্যাচের ৮৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পেল রোনালদোর দল। সেট-পিস নিতে এগিয়ে এলেন সিআর সেভেন।
দাঁড়ানোর ভঙ্গি দেখে মনে হচ্ছিল সিংহের তেজ সমন্বিত করছেন পায়ে। সেই তেজ শান্ত হয় দৃষ্টিনন্দন ‘নাকলবল’ ফ্রি-কিকে। ইনসুইং করে বল জড়ায় জালে। চেয়ে দেখেন স্প্যানিশরা! চেয়ে দেখে বিশ্ব। সময়ের অন্যতম সেরার পায়ে সেরা গোলই।
ডেনিশ চেরিশেভ (রাশিয়া), প্রতিপক্ষ সৌদি আরব
উদ্বোধনী ম্যাচেই আলো কাড়েন চেরিশেভ। ৪৩ মিনিটে আগুয়ান দুই ডিফেন্ডারকে বিট করে বাঁ-পায়ের জোরাল শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান। দৃষ্টিনন্দন এক গোল স্বাগতিক তারকার! সেরাও বটে!







