ওয়ানডে খেলেছেন ১০৯টি। টি-টুয়েন্টি ৬১টি। পেয়েছেন দানবীয় ব্যাটিং যোগ্যতার খেতাব। অথচ খেলা হয়নি টেস্ট ক্রিকেট। ‘কিলার মিলার’ নামে পরিচিত ডেভিড মিলার সাদা পোশাকের স্বপ্ন আর দেখছেন না।
মিলার জানিয়েছেন, তিনি সাউথ আফ্রিকায় প্রথম শ্রেণির ক্রিকেটে খেলবেন না। তার মানে হচ্ছে, তার ভাবনা থেকে টেস্টের কথা উঠে গেছে। নিজেও সেটি স্বীকার করলেন।
‘এটা কঠিন সিদ্ধান্ত। আমি সব সময় টেস্ট খেলার স্বপ্ন দেখেছি। কিন্তু এখন সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিচ্ছি। বিশ্বকাপে নিজের সেরাটা দেয়ার জন্যই এই সিদ্ধান্ত।’
মিলার এক বছর আগেও টেস্ট খেলতে চাওয়ার কথা বলেন। সেসময় সিপিএল ছেড়ে চলে আসেন ‘এ’ দলের হয়ে খেলতে। ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে ৭৮, ২৭, ১৩ এবং ১৮ রানের ইনিংস খেলেন। কিন্তু সাদা পোশাকের দলে জায়গা পাননি।
মিলার এখন টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেয়ায় হতাশ হওয়ার কথা বলছে ক্রিকেট সাউথ আফ্রিকা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী থাবাং মোরে বলেন, মিলারের মতো প্রতিশ্রুতিশীল টেস্ট ক্রিকেটারের না থাকাটা হতাশার ব্যাপার। আশা করি ভবিষ্যতে সে বিষয়টি বিবেচনা করবে।
মিলারের বয়স এখন ২৯। থাবাং মনে করেন, ভালো ক্রিকেট খেলার মতো অনেক সময় মিলারের সামনে পড়ে রয়েছে।
মিলার এ বছর ওয়ানডেতে খুব একটা ভালো করতে পারেননি। ২০১৮ সালে ৯ ম্যাচে একটি হাফসেঞ্চুরি তার। ২১.৩৩ গড়ে মোট রান ১৯২। স্ট্রাইকরেট ৮৯.৭১।








