বিভিন্ন শাস্ত্রীয় আচার-অনুষ্ঠান ও কুসংস্কার ফুটবলে খুবই সাধারণ ঘটনা। এবার নতুন এক তত্ত্বের কথা জানালেন জার্মান ফুটবলার জুলিয়েন ড্রাক্সলার। ভালো খেলার জন্য প্রতি ম্যাচেই মাঠে নামার আগে শরীরে পারফিউম ব্যবহার করেন তিনি।
প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) এ উইঙ্গার জার্মান বিশ্বকাপ স্কোয়াডের অংশ হিসেবে রাশিয়া যাচ্ছেন এবং বিশ্বকাপ চলাকালীন তাকে নিজ দেশের বিখ্যাত ফ্যাশন হাউজ হুগো বসের বিজ্ঞাপনেও দেখা যাবে।
ড্রাক্সলার বলেছেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই কোনো না কোনো তত্ত্ব বা আচরণবিধি থাকে। আমারও আছে। মাঠে নামার আগে আমি সাধারণত লকারে রাখা ব্যাগ খুলে পারফিউমটা নেই এবং দুই থেকে তিনবার স্প্রে লাগাই।’
পারফিউম ব্যবহারে কেমন অনুভূতি হয়? উত্তরে জার্মান তারকা বলেন, ‘এটা আমাকে সুখের অনুভূতি দেয়।’
আগে থেকেই বেশ ফ্যাশনচেতা ড্রাক্সলার। উল্ফবার্গ থেকে ফ্যাশনের শহর প্যারিসে যাওয়ার পর ফ্যাশনের প্রতি আগ্রহটা আরও বেড়েছে তার। পিএসজি তারকা নিজেই দাবি করেছেন, তার ৭০ জোড়া জুতা আছে।







