বিশ্বক্রিকেটের সেরা মঞ্চে এ পর্যন্ত ছয়বার একে অপরের মুখোমুখি হয়েছে দুই দেশ। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে বিশ্বকাপে এখনো পর্যন্ত শেষ হাসি হাসতে পারেনি ইমরান, জাভেদ মিয়াঁদাদের দেশ। তবে ইতিহাস বদলাতে পারে এবার। সরফরাজ আহমেদের দল আসন্ন বিশ্বকাপে প্রস্তুত ভারতকে হারাতে। বিশ্বকাপে ভারত ধাঁধা কাটার কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মঈন খান।
দেশীয় সংবাদমাধ্যমকে দেয়া একটি সাক্ষাতকারে পাকিস্তানের বিশ্বজয়ী দলের সদস্য জানান, মিথ ভেঙে আসন্ন বিশ্বকাপে প্রতিবেশ দেশকে হারাতে তৈরি পাকিস্তান।
আগামী ১৬ জুন বিশ্বকাপে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। আর সরফরাজের নেতৃত্বাধীন দলের সাম্প্রতিক যা অবস্থান, তাতে করে শক্তিশালী ভারতকে না হারানোর কোনও কারণ নেই বলে মনে করেন মঈন।
ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী দেশের সাবেক প্রধান নির্বাচক এর পেছনে কিছু কারণ দেখিয়েছেন। তার মতে, ‘সরফরাজ আহমেদের দলে বর্তমানে এমন কিছু প্রতিভা রয়েছে যা ভারতের বিরুদ্ধে তাদের জয় এনে দিতে সক্ষম। এছাড়া দলতার গভীরতাও দুর্দান্ত।’
মঈনের আরও মত, ‘ইংল্যান্ডের মাটিতে গত কয়েকবছর ধরে যথেষ্ট ভালো ফলাফল করছে পাকিস্তান। পাশাপাশি বিশ্বকাপে খেলতে নামার আগে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লাগবে পাকিস্তান দলের।’
বিশ্বকাপ শুরুর আগে সেদেশের আবহাওয়ায় মানিয়ে নেয়ার জন্য তিন সপ্তাহের প্রস্তুতি শিবির করবে পাকিস্তান দল। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওয়ানডে ক্রিকেটে উইকেটের পেছনে দু’শোরও বেশি ক্যাচের মালিক।
এমনকি বিশ্বকাপের মত আসরে দলনায়ক হিসেবে সরফরাজ আহমেদকেই প্রথম পছন্দ হিসেবে বেছেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাচক মঈন।
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ককে ইংল্যান্ড-ওয়েলসে অধিনায়ক করে পাঠানোর সিদ্ধান্তকে সঠিক মনে করে তার মত, ‘এই দলে সরফরাজের চেয়ে ভালো নেতৃত্বদানের ক্ষমতা কারও নেই।’







