প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য বিশেষ এয়ারক্রাফট কেনার কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ এয়ারক্রাফট কেনার ভাবনাটিকে ‘গরীবের ঘোড়ারোগ’ হিসেবেই উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাঙ্গেরি সফর থেকে ফিরে শনিবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, নতুন এয়ারক্রাফট কেনার পরিকল্পনা আমাদের নেই। সেই সামর্থ আমাদের নেই। গরীবের ঘোড়ারোগ হোক সেটা আমি চাইনা। ওর খরচ জোগাবো কেমন করে? যেই প্লেনে যাত্রী যাচ্ছে সেখানে যদি আমি নিরাপদ না বোধ করি তাহলে কিভাবে হবে?
তার জীবন নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করলে তিনি বলেন, জীবন মৃত্যু, পায়ের ভৃত্য, বুঝে নিক দুর্বৃত্ত। দুর্ঘটনাতো যান্ত্রিক ত্রুটি থেকেও হতে পারে আবার মানুষ্যসৃষ্টও হতে পারে। সেটার তদন্ত চলছে। বিমান উন্নত করার কাজ আমাদের সরকার যতটা করেছে অন্যরা কেউ করেনি। আর সারাবিশ্বেই তো নানান সময়ে বিমান দুর্ঘটনা হচ্ছে। ব্রাজিলেও তো হলো, প্লেয়ারসহ বিমান ক্রাশ হলো। ৯৬ এর আগে বিমানবন্দরের ছবিগুলো দেখবেন আর এখনকার ছবিগুলো দেখবেন। তাহলে উন্নয়নটা টের পাবেন।
হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডার’র আমন্ত্রণে গত ২৭ থেকে ৩০ নভেম্বর চার দিনের দ্বিপক্ষীয় সফরে হাঙ্গেরি যান। পাশাপাশি বুদাপেস্ট ওয়াটার সামিট-২০১৬তে অংশ নেন তিনি।










