আগেই সতর্ক করা হয়েছিল, ঝামেলা বাঁধাতে পারে স্পার্টাক মস্কোর উগ্র সমর্থক গোষ্ঠী ‘আল্ট্রাস’রা। সমর্থকরা দাঙ্গা বাঁধাল ঠিকই, তাতে মাঝখান থেকে প্রাণ হারিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবার রাতে অ্যাথলেটিক বিলবাও-স্পার্টাকের ইউরোপা লিগ ম্যাচের আগে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা।
স্পার্টাকের সমর্থকগোষ্ঠী আল্ট্রাসদের আগে থেকেই কুখ্যাতি আছে গোলমাল বাধানোর ব্যাপারে। তাই আগে থেকে সতর্ক ছিল বাস্ক পুলিশ বাহিনীও। এরপরও আল্ট্রাসদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াতে হয়েছে তাদের।
দাঙ্গার একপর্যায়ে ফ্লেয়ারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ইনোন্সিয়া আরিয়াস গার্সিয়াস নামের ৫১ বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তা। পরে জানা যায় আঘাতের পর হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি।
দাঙ্গার প্রভাব পড়েছিল ম্যাচেও। ঘরের মাঠ সান মেমেসে স্পার্টাকের কাছে ২-১ গোলে হেরে গেছে বিলবাও।
এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়। আর আল্ট্রাসদের সবধরনের ফুটবল ম্যাচ থেকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।








