প্রায় একযুগ পর বাংলাদেশে এসেছেন জেমি সিডন্স। বয়স ৫৭ হলেও আগের মতোই কর্মব্যস্ত স্বভাবের রয়ে গেছেন এ অস্ট্রেলিয়ান। বিসিবির অর্পিত দায়িত্ব পুরোপুরি বুঝে নেয়ার আগেই শুরু করেছেন ছোটাছুটি। ঢাকায় পা রাখার ২৪ ঘণ্টা না পেরোতেই বিপিএল ম্যাচ দেখতে চলে আসেন শের-ই-বাংলা স্টেডিয়ামে। এবার সিলেটেও যাচ্ছেন একই কারণে।
ঢাকা-চট্টগ্রাম-ঢাকা হয়ে সোমবার থেকে শুরু বিপিএলের সিলেট পর্ব। সেখানে তিন দিনে হবে ৬ ম্যাচ। মাঠে থেকেই সিডন্স সবার খেলায় চোখ রাখবেন। জেনে নেবেন স্থানীয় ক্রিকেটারদের আদ্যোপান্ত।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস চ্যানেল আই অনলাইনকে জানান, খেলোয়াড়দের চিনতে-জানতেই সোমবার সিলেট যাবেন সিডন্স, ‘সে (সিডন্স) ১১ বছর পর বাংলাদেশে এসেছে। মিরপুরে খুব বেশি খেলা দেখা হয়নি তার। যেখানেই সে কাজ করুক সবার সম্পর্কে ধারণা তো প্রয়োজন। খেলোয়াড় চেনা, তাদের সম্পর্কে জানার ব্যাপার আছে। সেজন্যই সিলেট যাবেন।’
মিরপুরে এসে প্রথমদিন কিছুটা খেলা দেখার সুযোগ হলেও বিসিবি কর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতে কেটেছে অনেকটা সময়। পরেরদিন মাঠে এসে অলস সময় কাটাতে হয় তাকে। কেননা দুটি ম্যাচই ধুয়ে যায় বৃষ্টিতে।
সাকিব-তামিমদের গড়ে তোলায় একসময় বড় অবদান রাখা টাইগারদের সাবেক হেড কোচ দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন বিসিবির ব্যাাটিং পরামর্শক হিসেবে। তার কাজের জায়গা জাতীয় দল নাকি অন্য কোথাও সেটি এখনই বলতে রাজী হননি জালাল ইউনুস। বিসিবির এই পরিচালক জানান, ‘সিডন্সের কাজের পরিসর কী, সেটি চূড়ান্ত। তবে তা মিডিয়ায় প্রকাশের সময় আসেনি।’








