টেস্ট থেকে ওয়ানডে। বাজেভাবে হার। সব জায়গায়। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এমন বেহাল দশাকে দেশের ক্রিকেটের জন্য বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছেন।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ২০০ রানে হেরে যায়। প্রথম ওয়ানডেতে হার ছিল ১০ উইকেটে। দ্বিতীয় ম্যাচে ১০৪ রানে। শেষ দুই ম্যাচে হেসেখেলে স্বাগতিকরা ৩০০’র বেশি করে রান সংগ্রহ করে।
‘এই অবস্থা বিপজ্জনক। একটি সতর্কবার্তাও। সামনে বিশ্বকাপ। খুব দ্রুত আমাদের বিষয়গুলো খতিয়ে দেখতে হবে,’ মন্তব্য করে মাশরাফী বলেন, ‘ব্যাটিং, বোলিংয়ে আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস ছিল না। কন্ডিশনের সঙ্গেও খাপ খাওয়াতে পারিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এসব হচ্ছে। খুব দ্রুত আমাদের উন্নতি করতে হবে। না হলে ভবিষ্যতে দেশের বাইরের সিরিজগুলো আরও কঠিন হয়ে যাবে।’
মাশরাফী বলেন, ‘আমি মনে করি নির্দিষ্ট খেলোয়াড়ের ভেতর থেকে খুঁজে বের করতে হবে, কেন আমরা ভালো করতে পারছি না। সাউথ আফ্রিকায় বেশি বেশি অনুশীলন করে এটা সম্ভব বলে আমি মনে করি না। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া।’
মাশরাফীর নিজের জন্যও এই সিরিজটা ভালো যায়নি। ২০০৮ সালের পর এই প্রথম কোনো ওয়ানডে সিরিজে উইকেটহীন তিনি।
‘কঠিন সফর। বিবেচনা করতে গেলে আমিও আনলাকি। আমি মনে করি ভবিষ্যতে এটা আমার জন্য কাজে দিবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেমন আগ্রাসী ছিলাম, এখানেও তেমন থাকা উচিত ছিল।’
ক্রিকইনফো।







