ইতালিয়ান ওপেনের শেষ ষোলোতে উঠে ক্লে-কোর্টে ষোলো ম্যাচ অপরাজিত থাকলেন রাফায়েল নাদাল। চোটের জন্য প্রথম সেটের তিন গেম পিছিয়ে থাকা অবস্থাতেই ম্যাচ ছেড়ে বেরিয়ে যান নিকোলাস আলমাগ্রো। ফলে ওয়াকওভার পেয়ে শেষ ষোলোয় ওঠেন স্প্যানিশ সুপারস্টার।
ম্যাচ শেষে ১৪টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকা নাদাল বলেছেন, ‘আমি বুঝতে পারিনি ঠিক কী সমস্যা হয়েছে আলমাগ্রোর। মনে হয় আলমাগ্রোর হাঁটুতে সমস্যা হচ্ছিল।’
ক্লে-কোর্ট মৌসুম শুরু হওয়ার পর থেকেই নিজের বিধ্বংসী ফর্মও খুঁজে পেয়েছেন নাদাল। কয়েকদিন আগেই মাদ্রিদ ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছেন।
নাদাল আবার পুরনো মেজাজে থাকলেও নোভাক জোকোভিচ তার অন্ধকার অধ্যায় থেকে বেরিয়ে আসতে পারছেন না। মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে লড়াই করেও নাদালের বিরুদ্ধে হারেন।
ইতালিয়ান ওপেনে অবশ্য চেনা মেজাজেই শুরু করেছন জোকোভিচ। ব্রিটেনের আলজাজ বেদেনেকে দু’সেটেই উড়িয়ে দেন জোকোর। ৭-৬, ৬-২ গেমে জেতেন তিনি।







