ছয় মাস ধরে টাকা পাননি পাকিস্তানি মেয়ে ক্রিকেটাররা। সেই অবস্থাতেই ওয়েস্ট ইন্ডিজে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে গেছেন তারা। আর্থিক সংকটে থাকা পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালেও উঠতে পারেনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিয়ম অনুযায়ী মেয়ে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি হয় ছয় মাস করে। এবার মোট ২০ জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করা হয়েছিল। কিন্তু দ্বিতীয় পর্যায়ে এই বছর আর নতুন করে চুক্তি করা হয়নি। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি আছে। তবে সেটা এখনো হাতে পায়নি ক্রিকেটাররা।
ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রশাসনে অনেক পরিবর্তন হয়েছে। তার জেরেই এই সমস্যা বলে মনে করা হচ্ছে। দেশটির মিডিয়ার খবর অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ থেকে বিশ্বকাপ খেলে দেশের ফেরার পরই ক্রিকেটারদের হাতে নতুন চুক্তিপত্র তুলে দেয়া। তবে সেটা হবে পারফরম্যান্স ও ফিটনেসের ভিত্তিতে।
পিসিবিতে এই সমস্যা অনেকদিন ধরেই চলছে। বাংলাদেশ ও মালয়েশিয়া সফরের সঙ্গে টি-টুয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানি মেয়েদের দেয়া হয়েছে ম্যাচ ফি ও দৈনিক ভাতা। নজম শেঠি দায়িত্ব ছাড়ার সময় নতুন চুক্তিপত্রে সই করেননি। তাই এই সমস্যা বলে জানিয়েছে পিসিবি। বর্তমানে পিসিবি’র চেয়ারম্যান এহসান মানি। তিনি দ্রুতই এই সমস্যা সমাধান করবেন বলে জানিয়েছেন।
পাকিস্তানি মেয়ে ক্রিকেটাররা এই ব্যাপারে তাদের বোর্ডের সঙ্গে কথা বলেছেন। ব্যাপারটি নির্বাচকদেরও জানিয়েছেন তারা। সমস্যা মিটবে কী না, বা কীভাবে মিটবে সেটা জানা যাবে দল ওয়েস্ট ইন্ডিজ থেকে পাকিস্তানে ফেরার পর।







