তামিম ইকবালের কান্নার ছবিটাই বলে দিচ্ছে ক্রিকেটের প্রতি তার কতটা আবেগ জড়িয়ে। বয়স ৩৪ হলেও মাঠে তার নিবেদন কমেনি মোটেও। পুরোপুরি ফিট না হয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামাতেই জল ঘোলা হলো। ২৪ ঘণ্টা না পেরোতেই অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটই ছেড়ে দিলেন দেশসেরা ওপেনার। অথচ ভাঙা কবজি নিয়ে ব্যাটিং করে বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন এই তামিমই।
একসময়ের ড্যাশিং ওপেনার অভিজ্ঞ হয়ে উঠতেই দায়িত্ব নিয়ে ব্যাটিং করা শুরু করলেন। আগের মতো আগ্রাসন না দেখানোয় মাঝে মাঝে সমালোচনাও হতো। তারপরও তার ব্যাটিং মন্দ ছিল না। হালের লিটন দাসের সঙ্গেও জুটি জমে উঠেছিল।
দুজন মিলে অনেক রেকর্ডে নাম লিখিয়েছেন। রসায়নটা আরও ভালোভাবে জমার আগেই ঘটে গেল অনাকাঙ্খিত ঘটনা। বিশ্বকাপের ৩ মাস আগে আকস্মিক অবসরের সিদ্ধান্ত।
বাংলাদেশের ক্রিকেটকে তামিম দিয়েছেন অনেক। যে কারণে তার অর্জনের খাতাও বেশ ভারী। রান ও সেঞ্চুরির দিক থেকে তার ধারেকাছে নেই কেউ। এশিয়া কাপে টানা চার ফিফটি, লর্ডসে সেঞ্চুরির সুবাদে অনার্স বোর্ডে নাম তোলা।
খুলনায় পাকিস্তানের বিপক্ষে টেস্টে দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরি। সেই ম্যাচে ইমরুল কায়েসের সঙ্গে রেকর্ড জুটি, টি-টুয়েন্টিতে একমাত্র সেঞ্চুরিয়ান। নানা কারণেই তামিমকে মনে রাখবে বাংলাদেশের ক্রিকেট।







