কর ফাঁকির মামলায় এমনিতেই টালমাটাল অবস্থায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর সঙ্গে যোগ হয়েছে রিয়াল মাদ্রিদ ছাড়ার জোড় গুঞ্জন। তবে সেসব গুঞ্জন, বিতর্ক জাতীয় দলের খেলায় প্রভাব ফেলবে না বলেই মনে করছেন পর্তুগিজ অধিনায়কের জাতীয় দল সতীর্থ আন্দ্রে সিলভা। তার মতে রোববার মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে বিতর্ককে একপাশে ঠেলেই জ্বলে উঠবেন সিআর সেভেন।
গত সপ্তাহে রোনালদোর বিরুদ্ধে ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগে স্প্যানিশ আদালতে মামলা দায়ের করেন দেশটির কৌসুলিরা। এরমধ্যে গুঞ্জন উঠেছে সংকটময় সময়ে ক্লাবকে পাশে না পেয়ে রিয়াল মাদ্রিদই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ অধিনায়ক।
রোনালদো সান্তিয়াগো বার্নাব্যু ছাড়বেন কিনা এই প্রশ্নের জবাব পাওয়া যাবে পর্তুগালের কনফেডারেশন্স কাপ মিশন শেষে। এই মুহূর্তে জাতীয় দলের ম্যাচের দিকেই সবটুকু মনোযোগ দিচ্ছেন ইউরো জয়ী অধিনায়ক। দলের প্রতিনিধি হয়ে এসে আন্দ্রে সিলভা জানাচ্ছেন এমনটাই, ‘সে বেশ মনোযোগী এবং উজ্জীবিত। আমার মনে হয় না এসব খবর তার খেলায় কোন প্রভাব ফেলবে।’
রোববার কনফেডারেশন্স কাপে মেক্সিকোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে রোনালদোর পর্তুগাল। অধিনায়ক হিসেবে দলের সবাইকে জয়ে টুর্নামেন্ট শুরুর মন্ত্র দিচ্ছেন চারবারের বিশ্বসেরা ফুটবলার। তাতে নিজেরও একটি স্বপ্ন পূরণ হচ্ছে বলে জানাচ্ছেন ২১ বয়সী সিলভা, ‘তার সঙ্গে খেলাটা অনেকটা স্বপ্ন পূরণ হওয়ার মত। তার সব কথা আমি শোনার চেষ্টা করি। আশা করি এর ফলাফলটা ভালোই হবে।’








