শুভ বিজয়া দশমী আজ। চারদিকে দেবী দুর্গার বিদায়ের সুর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
সকালে দেবী দুর্গার বিজয়া দশমী পূজা শুরু হয়ে দশমি বিহিত পূজা ও দর্পণ বির্সজনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
প্রাদুর্ভাব কমলেও করোনার কারণে, এবার বিজয়া দশমীতে শোভাযাত্রা হচ্ছে না।
চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে গত ১১ অক্টোবর থেকে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়। পরবর্তী ৪ দিন রাজধানীসহ দেশব্যাপি পূজামণ্ডপগুলোতে পূজা-অর্চনার মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
পঞ্জিকা বলছে, মা দুর্গা এবার দোলায় গমন করবেন। দোলায় গমনের ফলাফল হল মড়ক লাগা।
গতকাল বৃহস্পতিবার প্রতিটি মন্ডপ ও মন্দিরে ঢাক-ঢোল, কাঁসর-ঘন্টায়, ধূপ আরতি ও দেবী দুর্গার পূজা-অর্চনায় কেবলই ছিল মায়ের বিদায়ের সুর। গতকাল দিনব্যাপী বিভিন্ন পূজামন্ডপে সারবিশ্বের কল্যাণ এবং করোনামুক্ত বিশ্ব কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন মন্ত্রী,সংসদ সদস্য এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
দুর্গাপূজার মন্ডপগুলোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।







